বাগদাদ, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শনিবার প্রথম বাগদাদের একটি ঘাঁটি ছেড়ে দেওয়ার পর রোববার বাগদাদের উত্তরে দিয়ালা প্রদেশের আরেকটি ঘাঁটি ছেড়ে দিয়েছে মার্কিন বাহিনী।
২০০৭ সালের মার্চে পরিত্যাক্ত একটি শপিং সেন্টারকে বানানো ঘাঁটি শনিবার প্রথম ইরাকিদের কাছে হস্তান্তর করে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে তারা ইরাকের নগরীগুলো থেকে সরে যেতে শুরু করে। এ পক্রিয়ারই আরেকটি পদক্ষেপে রোববার মার্কিন বাহিনী দিয়ালা প্রদেশের আদিবাসী গার্ড বাহিনীর (অ্যাওয়েকেনিংস নামে পরিচিত) দায়িত্বভার ইরাকের হাতে হস্তান্তর করেছে। আল-কায়েদা সুন্নি জঙ্গিদের মোকাবেলায় এই বাহিনী নিয়োজিত ছিল।
১ জানুয়ারিতে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন বাহিনী ইরাক কর্তৃপক্ষের অধীনে চলে আসার পর এই প্রথম দুটি ঘাঁটি ইরাকিদেরকে হস্তান্তর করল। চুক্তির আওতায় এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে মার্কিন বাহিনীকে ইরাকের বিভিন্ন শহর ও নগরী ছেড়ে দিতে হবে এবং ২০১১ সালের মধ্যে ইরাক ছেড়ে চলে যেতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৮ঘ.
bdnews24