সিডনি, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়ানতানামো বন্দিদের পুনর্বাসনের সবক'টি প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে সর্বশেষ প্রস্তাবটি শুক্রবার রাতে ফিরিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড শনিবার একথা জানিয়েছেন।
উপপ্রধানমন্ত্রী মেলবোর্নে সাংবাদিকদের বলেন, গত মাসে কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক বন্দিশিবির গুয়ানতানামোর একদল বন্দিকে অস্ট্রেলিয়ার হেফাজতে পুনর্বাসিত করার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শুক্রবার রাতে তা প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। তিনি আরও জানান, এটি ছিল এ ধরনের দ্বিতীয় অনুরোধ।
জুলিয়া গিলার্ড জানান, "আমাদের অভিবাসন নীতিমালা অনুযায়ী জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি বন্দির বিষয় আলাদা আলাদা করে বিবেচনা করা হয়।"
তিনি বলেন, আলাদা আলাদা বিবেচনায় দেখা গেছে আমাদের কঠোর জাতীয় নিরাপত্তা ও অভিবাসন নীতিমালা অনুসারে এসব বন্দিদের গ্রহণ করার অনুমোদন দেওয়া যাচ্ছে না। তাই ওই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী কেভিন রাড ছুটিতে থাকায় এ মুহূর্তে অস্ট্রেলিয়ার সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন জুলিয়া গিলার্ড।
গুয়ানতানামো বন্দিশিবিরে এখনও প্রায় ২৫৫ জন বন্দি রয়েছে। এদের মধ্যে ৬০ জনকে যুক্তরাষ্ট্র মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু স্বদেশে ফিরলে তারা নির্যাতিত হতে পারেন কিংবা বিচারের সম্মুখীন হতে পারেন - এমন আশঙ্কায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এএমটি/১৬৫০ ঘ.
bdnews24