কান্দাহার, আফগানিস্তান, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- আফগানিস্তানের সবচেয়ে আলোচিত ও শীর্ষ নারী পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মালালাই কাকরকে রোববার অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
তারা জানান, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের একটি এলাকায় নিজ গাড়িতেই ৪৫ বছর বয়সী মালালাইকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলায় তার ছেলেও আহত হয়েছে।
তবে নারীর বিরুদ্ধে অপরাধ দমন বিষয়ক কান্দাহার পুলিশ বিভাগের প্রধান মালালাই হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি আফগান কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত কয়েক বছর কান্দাহারে অনেক পুলিশি অভিযানের সফল নেতৃত্ব দেন মালালাই। এর প্রেক্ষিতে বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করে জঙ্গিরা। অবশ্য, সেসব হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যান মালালাই।
বিবিসি সূত্রে জানা গেছে, মালালাইয়ের বাবা ও ভাই পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। আর বাবা-ভাইয়ের কাজে উৎসাহিত হয়ে ১৯৮২ সালে কান্দাহার পুলিশ বিভাগে যোগ দেন মালালাই। কিন্তু কট্টরপন্থি তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তাকে আর পুলিশের দায়িত্ব পালন করতে দেয়নি।
পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে আফগানিস্তান থেকে তালেবান সরকার উৎখাত হওয়ার পর পুনরায় কান্দাহার পুলিশ বিভাগে যোগ দেন মালালাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৮ ঘ.
bdnews24