কাবুল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তের ওপারে চেকপয়েন্ট থেকে পাকিস্তানি বাহিনী তাদের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা তারা জানায়নি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী অভিযোগ করে আসছে, পাকিস্তানের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়ে তালেবান যোদ্ধারা আফগানিস্তানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এই অভিযোগে চলতি মাসে পাকিস্তানে ছয়দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা করে পাকিস্তান জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডে বাইরের কোনো শক্তির আগ্রাসন সহ্য করবে না। সীমান্তে আগ্রাসী হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানি বাহিনী।
কাবুলে মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, "আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে ন্যাটো বাহিনী তাদের একটি নিয়মিত অভিযান চালাচ্ছিল। এ সময় স্থানীয় সময় দুুপুর দেড়টার দিকে পাকিস্তানি বাহিনী তাদের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায়। যদিও ন্যাটো বাহিনীর হেলিকপ্টার আফগান সীমান্তের মধ্যেই ছিল।"
তিনি আরও বলেন, "তবে এর জবাবে হেলিকপ্টার বা ভূমি থেকে ন্যাটো বাহিনী গুলি চালায়নি।"
ওই মুখপাত্র আরও জানান, এ সময় তাদের পক্ষ থেকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৪ ঘ.
bdnews24