২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লি হামলার প্রধান হোতাকে হত্যার দাবি করেছে পুলিশ

ভারতের রাজধানী নয়া দিল্লিতে গত সপ্তাহে বোমা হামলার প্রধান হোতাকে শুক্রবার গুলি করে হত্যার দাবি করেছে পুলিশ। নয়া দিল্লির ওই সিরিজ বোমা হামলায় ২৩ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের রাজধানী নয়া দিল্লিতে গত সপ্তাহে বোমা হামলার প্রধান হোতাকে শুক্রবার গুলি করে হত্যার দাবি করেছে পুলিশ। নয়া দিল্লির ওই সিরিজ বোমা হামলায় ২৩ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছিল। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে দক্ষিণ দিল্লিতে এক অভিযানের সময় পুলিশের গুলিতে দুই জঙ্গি নিহত হয়। এদের একজন বশির ওরফে আতিফ ছিল নয়া দিল্লিতে ইন্ডিয়ান মুজাহিদিনের হামালার প্রধান হোতা। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা কার্নাইল সিং বলেন, "আতিফ নয়া দিল্লিতে হামলার পরিকল্পনা করে এবং দশ সহযোগীকে নিয়ে ওই হামলা চালায়।" তিনি জানান, অভিযানের সময় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তিনি মারা গেছেন। কার্নাইল সিং এর আগে সাংবাদিকদের বলেন, "আমরা গুলি করে দুই জঙ্গিকে হত্যা করেছি।" তিনি বলেন, "একটি ভবনে কমপক্ষে পাঁচ জঙ্গি লুকিয়ে ছিল। তাদের দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুই জনকে হত্যা ও অপরজনকে আমরা আটক করেছি।" পুলিশ জানিয়েছে, আগে গ্রেপ্তার করা এক সন্দেহভাজন জঙ্গির দেওয়া তথ্য অনুসারে এ অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ শুক্রবারের অভিযানকে নয়া দিল্লির বোমা হামলার ঘটনা তদন্তে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছে। রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন, পুলিশ স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তল নিয়ে দক্ষিণ দিল্লির একটি জনবহুল এলাকার একটি মসজিদের পেছনে অবস্থিত ওই ভবনটিতে এ অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/২৩০০ ঘ.