ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেনার চিন্তাভাবনা করছে পাকিস্তান। পাকিস্তান সরকার শুক্রবার একথা জানিয়েছে।
পাকিস্তান বর্তমান বড় ধরনের বিদ্যুৎ ঘাটতির সম্মুখিন। কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বিদ্যুৎ ঘাটতির পরিমান চার হাজার মেগাওয়াট।
ঘাটতির কারণে দেশজুড়ে প্রতিদিন গড়ে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। গ্রীস্মের শেষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যাবহার কমে এলে এই অবস্থার হয়তো কিছুটা উন্নতি হতে পারে।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেনার বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শুক্রবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সকল বিষয় যাচাই করে দেখার জন্য গিলানি একটি কমিটি গঠন করেছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বিবৃতিতে জানানো হয়নি।
পাকিস্তানে বর্তমানে দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে। প্রথমটি স্থাপন করা হয়েছিল ১৯৭২ সালে। কানাডার সহায়তায় স্থাপিত এই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১৩৭ মেগাওয়াট।
দ্বিতীয় কেন্দ্রটি স্থাপন করা হয় ১৯৯৯ সালে পাঞ্জাব প্রদেশের সাশমা শহরে। এক্ষেত্রে সহযোগিতা করেছিল তাদের বহুদিনের মিত্র চীন। এই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ৩২৫ মেগাওয়াট। সাশমার কাছেই তৃতীয় একটি কেন্দ্র স্থাপনে পাকিস্তানকে সহায়তা দিচ্ছে চীন।
ভারতের মতো পাস্তিানের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল পাকিস্তান সরকার। তবে পাকিস্তানের প্রধান পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান বিদেশে পরমাণু তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওই আহ্বান প্রত্যাখ্যান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩০ ঘ.
bdnews24