২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লিতে সন্দেহভাজনদের খোঁজে বস্তিতে পুলিশের তল্লাশি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে সিরিজ বোমা হামলার পর সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে রোববার শহরের বস্তি এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের রাজধানী নয়া দিল্লিতে সিরিজ বোমা হামলার পর সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে রোববার শহরের বস্তি এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। নয়া দিল্লির জনবহুল মার্কেট ও রাস্তায় শনিবার সন্ধ্যায় পরপর পাঁচটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও শতাধিক আহত হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এর মধ্যে তারা ১১ বছরে একটি কিশোরের খোঁজ পেয়েছে যে হামলাকারীদের দুটি প্লাস্টিক ব্যাগে বিস্ফোরক রেখে যেতে দেখেছে। বিস্ফোরণের পরপরই স্থানীয় টেলিভিশন চ্যানেলে ই-মেইল পাঠিয়ে জঙ্গি গ্র"প 'ইন্ডিয়ান মুজাহিদিন' হামলায় দায় স্বীকার করে। গত কয়েক মাসে ভারতের বিভিন্ন শহরে সিরিজ বোমা হামলার দায়ও তারা স্বীকার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি বোমার বিস্ফোরণ ঘটে শহরের কানুঘাট প্যালেসের আশপাশের ডাস্টবিনে। বিদেশি পর্যটক ও স্থানীয়দের কাছে কেনাকাটার জন্য কানুঘাট প্যালেস বেশ জনপ্রিয় একটি জায়গা। অন্য বোমাগুলোও কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয় শহরের কয়েকটি জনবহুল মার্কেটে। বোমাগুলো তেমন শক্তিশালী ছিল না। তবে সবগুলো বিস্ফোরণই হয়েছে জনবহুল স্থানে। ভারতে গত কয়েক বছরে মসজিদ-মন্দির থেকে শুরু করে ট্রেনে এ ধরণের অনেকগুলো বোমা বিস্ফোরণে কয়েকশ' মানুষ নিহত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ঘটনার জন্য বরাবর জঙ্গিদের দায়ী করে এসেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এফএইচবি/ ১৯১০ ঘ.