২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ আলি জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত

আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ও ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে থাকা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। আংশিক ফলাফলে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ও ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে থাকা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। আংশিক ফলাফলে একথা জানা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৭০২টি ভোটের মধ্যে ৪৫৮টি ভোট পেয়েছেন জারদারি। ওদিকে, শনিবারই পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশাওয়ারে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ বিষয়ে প্রাদেশিক পুলিশ প্রধান মালিক নাভিদ খান জানিয়েছেন, সম্ভবত প্রাদেশিক পরিষদই ছিল হামলাকারীর লক্ষ্য। যেখানে প্রাদেশিক পরিষদের সদস্যরা বহুল আলোচিত এ নির্বাচনে ভোট দিচ্ছিলেন। প্রসঙ্গত, প্রবল আন্দোলন ও চাপের মুখে প্রেসিডেন্ট পদ থেকে গত মাসে পদত্যাগকারী সাবেক জেনারেল পারভেজ মুশাররফের উত্তরসূরী নির্বাচনের লক্ষ্যে শনিবার সকাল থেকে দেশটির দুই কক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদের সদস্যরা এ নির্বাচনে ভোট দেন। নির্বাচনে জারদারির সঙ্গে লড়েন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রার্থী সাঈদুজ্জান সিদ্দিকী ও মুশাররফপন্থি দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-কিউ) এর প্রার্থী মুশাহিদ হুসেইন সাঈদ। আংশিক ফলাফল প্রকাশের পর পিপিপি'র মুখপাত্র ফারজানা রাজা বলেন, "এটা শুধু জারদারি ও পাকিস্তান পিপলস পার্টিরই বিজয় নয়। গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতির যে স্বপ্ন বেনজির ভুট্টো দেখতেন তারও বিজয় এটা।" এ সময় পিপিপি'র কর্মীরা "ভুট্টো দীর্ঘজীবী হোক" বলে শ্লোগান দিচ্ছিলেন। গত বছরের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে যুগপৎ গুলি ও বোমা হামলায় নিহত হন পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। নির্বাচনের আগে থেকেই বিশ্লেষকরা বলছিলেন, ৫৩ বছর বয়সী জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রাদেশিক ও জাতীয় পরিষদে পর্যাপ্ত সমর্থন প্রায় নিশ্চিত করে ফেলেছেন। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনের তিন প্রার্থীর মধ্যে জারদারি তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠজন হিসেবে বিবেচিত। প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে গত বৃহস্পতিবার 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে জারদারি লিখেছেন, "প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি দেশ থেকে তালেবান জঙ্গিদের নির্মূল করতে কাজ করব এবং পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান বা সেখানে ন্যাটো বাহিনীর ওপর হামলার জন্য জঙ্গিদের পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করতে দেব না।" ওদিকে, নির্বাচনের দিনে পেশাওয়ারের আত্মঘাতী হামলাটি হয় একটি পুলিশ স্টেশনে। এতে পাঁচ পুলিশসহ ১০ জন নিহত এবং আরও প্রায় ৪০ জন আহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান মালিক নাভিদ খান জানিয়েছেন, হামলায় পুলিশ স্টেশনটি বিধ্বস্ত এবং আশপাশের ভবনগুলোর ছাদ ধ্বসে পড়েছে। কিছু লোক ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮০২ ঘ.