রামাদি, ইরাক আগস্ট সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের নিরাপত্তা ভার সোমবার ইরাকি বাহিনীর হাতে তুলে দিয়েছে মার্কিন বাহিনী। আনবারের মার্কিন বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জন কেলি এবং আনবারের গভর্নর মামুন শমী রশিদ নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরপত্রে সই করেন। এর মধ্য দিয়ে ইরাকের ১৮ টি প্রদেশের মধ্যে ১১ তম প্রদেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পেল ইরাকি বাহিনী।
ইরাকে ২০০৩ সালের আগ্রাসনের পর ইরাকি বাহিনীর জন্য নিরাপত্তার ভার পাওয়া এটিই প্রথম সুন্নি আরব প্রদেশ। রশিদ বলেন, "আমরা এখানে আল-কায়েদাকে মোকাবেলা করেছি এবং সাহসের সঙ্গে জীবন দিয়েছি। আনবারের মাটি রক্তে ভেজা।"
ওদিকে, কেলি বলেন, " আমরা ভয়াবহ লড়াই শেষের পথে রয়েছি। আমাদের লক্ষ্য খুবই পরিষ্কার। আপনার ও আপনাদের সন্তান সন্ততিদের জীবন নির্বর করছে জয়ের ওপর।"
আনবারের নিরাপত্তা ভার ইরাককে দেওয়ার কথা ছিল জুনেই। কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে মতবিরোধের কারণে একাজে বিলম্ব হল।
আনবারের নিরাপত্তাভার ইরাকের হাতে তুলে দেওয়ার সময় প্রদেশের মূল রাস্তায় ইরাকের পতাকা নিয়ে পদযাত্রা করে ইরাকি পুলিশ। প্যারেডে অংশ নেয় ফুলে ফুলে ভরা পুলিশের গাড়িও।
উল্লেখ্য, ইরাকে আগ্রাসনের পর ৫ বছরেরও বেশি সময় ধরে আনবারে রক্তক্ষয়ী লড়াই চলেছে। ২০০৪ সালে ফাল্লুজায় মার্কিন বাহিনী বড় ধরনের দুটো অভিযানও চালায়। এর একটিতে শ'শ' বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আরেকটিতে নগরীর বেশির ভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে বলেই মনে করা হয়। আনবারের প্রধান প্রধান এলাকাগুলোই আল-কায়েদার দখলে ছিল।
ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফাক আল রুবাই সাংবাদিকদের বলেন, "আমরা তিন-চার বছর আগে এ প্রদেশের নিরাপত্তা ভার নেওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। আমরা আনবারের নিরাপত্তাভার নেওয়ার কথা বললেও লোকে হাসত। আর এখন সেটিই বাস্তবে পরিণত হল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24