গাজা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের প্রতিবাদে ওই অবরোধকে চ্যালেঞ্জ করে শনিবার সমুদ্রপথে গাজায় পৌঁছেছে আন্তর্জাতিক আন্দোলনকর্মীরা।
"ফ্রি গাজা" মুভমেন্টের ১৭টি দেশের ৪৪ জন আন্দোলনকর্মী শুক্রবার সাইপ্রাস থেকে দুটি কাঠের নৌকায় করে রওনা দিয়ে শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজায় পৌঁছান। গাজা উপকূলে সমবেত হাজার হাজার ফিলিস্তিনি তাদের স্বাগত জানান।
গাজায় পৌঁছে ইতালীয় শান্তিকর্মী ভিত্তোরিও আররিগোনি বলেন, "আজকে একটি বিশেষ দিন, আমরা মনে করি এটা কেবল শুরু। আমরা পথটি দেখিয়ে দিলাম এবং এখন আরও অনেক পর্যটক আসবেন বলে আমরা আশা করি।"
২০০৫ সালে গাজা থেকে সেনা এবং তাদের বসতকারীদের সরিয়ে নেয় ইসরায়েল। কিন্তু এরপর থেকেই ওই ফিলিস্তিনি ছিটমহলটিতে নানা ধরনের নিষেধাজ্ঞা বাড়াতে থাকে এবং কড়াকড়ি আরোপ করে তারা।
একবছরেরও বেশি সময় আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত বাহিনীকে হটিয়ে হামাস এলাকাটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর গাজায় পুরোমাত্রার অবেরাধ আরোপ করে ইসরায়েল।
আন্তর্জাতিক আন্দোলনকারীদের সমুদ্রপথে গাজায় পৌঁছানোর বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আরি মেকেল জানান, গাজা উপকূলে পাহারারত ইসরায়েলি নৌবাহিনী ওই নৌকাদুটিকে সেখানে ভিড়তে দিয়েছে। তার ভাষায় "মাঝ সমুদ্রে সংঘাতের বহুল পরিচিত উস্কানি এড়াতেই তাদের বাধা দেওয়া হয়নি।
বাধা না দেওয়ার কারণ হিসেবে তিনি আরও বলেন, "আমরা জানি নৌকায় কারা আছে এবং তারা কি বহন করছে, তাই তাদের আসতে দিয়েছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০৪ ঘ.
bdnews24