বাগদাদ, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা। একইসঙ্গে ইরাকের পাশে দাঁড়াতে বুধবার তিনি আরব বিশ্বকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে বৈঠক করতে বুধবার বাগদাদে পৌঁছেছেন সিনিওরা। সাদ্দাম হোসেনের পতনের পর ইরাক সফরে আসা তিনি দ্বিতীয় আরব নেতা। এর নয়দিন আগে ইরাক সফর করে গেছেন জর্ডানের বাদাশাহ আবদুল্লাহ।
বাগদাদে মালিকির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে সিনিওরা বলেন, "ইরাককে আরব বিশ্বের সঙ্গে পুনরায় ঐক্যবদ্ধ করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।"
ইরাক সরকারকে সহযোগিতায় এগিয়ে আসতে আরব দেশগুলোকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
সিনিওরা ও মালিকি দুজনেই জানিয়েছেন, দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করা বিশেষ করে লেবাননে ইরাকের তেল সরবরাহের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
সিনিওরা বলেন, "ইরাকের তেল খাতে লেবাননকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে এবং তেল খাতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।"
সিনিওরার সফরসঙ্গী হয়ে ইরাকে গেছেন লেবাননের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী।
মালিকি জানান, বাণিজ্য ও তেল খাতে সহযোগিতা নিয়ে খুব শিগগির চুক্তিতে পৌঁছতে কাজ করে যাচ্ছে উভয় দেশ। ইরাক পুনর্গঠনে তিনি লেবাননের বিনিয়োগকারীদের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০০ ঘ.
bdnews24