ক্যানবেরা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ায় বসবাসকারী দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সন্দেহভাজন যুদ্ধপরাধীকে বিচারের জন্য হাঙ্গেরির কাছে হস্তান্তর করা যেতে পারে বলে বুধবার রায় দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত।
১৯৪৪ সালে বুদাপেস্টে ইহুদি তরুণ পিটার বালাজসকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যার অভিযোগে ২০০৫ সালের জুলাইয়ে চার্লস জেনতাই নামের ওই সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে আটক করে অস্ট্রেলিয়ার পুলিশ।
জেনতাইয়ের বয়স ছিল ২৩ বছর। তিনি তখন নাৎসীপন্থি হাঙ্গেরিরর সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। তবে হত্যাক্যান্ডের আগেই ১৯৪৪ সালের ৮ নভেম্বর নিজের রেজিমেন্টের সঙ্গে বুদাপেস্ট ত্যাগ করেন বলে দাবি করেছেন জেনতাই।
অস্ট্রেলিয়ার পার্থ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বারবারা লেন বলেন, "আমি মনে করি জেনতাইকে হাঙ্গেরিতে হস্তান্তর করা যেতে পারে। হাঙ্গেরি সরকারের কাছে আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার করা হবে।"
তবে জেনতাইয়ের আইনজীবীরা জানিয়েছেন, তার মক্কেল আস্ট্রেলিয়ার ফেডারেল আদালতে আপিল করবেন।
বুধবার আদালতের রায়ের পর জেনতাইয়ের ছেলে গব্রিয়েল স্টেইনার সাংবাদিকদের জানিয়েছেন, তার বাবার প্রতি অবিচার করা হচেছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭২০ ঘ.
bdnews24