২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র মুক্ত বিশ্বের অঙ্গীকার নিয়ে হিরোশিমা দিবস পালন

আজ হিরোশিমা দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের এই দিনেই জাপানের হিরোশিমাতে বিশ্বের প্রথম পরমাণু বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 05:53 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

টোকিও, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এপি) - আজ হিরোশিমা দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের এই দিনেই জাপানের হিরোশিমাতে বিশ্বের প্রথম পরমাণু বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মানব ইতিহাসের ওই জঘন্যতম এবং একক বৃহত্তম হামলায় তাৎক্ষণিকভাবেই মারা যান প্রায় লাখ খানেক মানুষ। গুরুতর আহতদের মৃত্যু মিলিয়ে কয়েকমাসের মধ্যেই এই সংখ্যা দাঁড়ায় প্রায় ১,৪০,০০০। (আরও তথ্যসহ) পরবর্তী কয়েক দশকে ওই হামলায় আহত বাকীদের মৃত্যুর সংখ্যা ধরে জাপান সরকারের হিসেবে হিরোশিমা হামলায় নিহতের মোট সংখ্যা ২,৬০,০০০। হিরোশিমায় হামলার মাত্র তিনদিন পর নাগাসাকিতে 'ফ্যাটম্যান' নামের একটি প্লুটোনিয়াম বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় মারা যান আরও প্রায় ৮০,০০০ মানুষ। হিরোশিমা ও নাগাসাকি হামলায় সরাসরি হতাহত হওয়া ছাড়াও বোমার তেজস্ক্রিয়তায় পঙ্গু হয়ে যান এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন আরও কয়েক লাখ মানুষ। বছরের পর বছর ধরে তেজস্ক্রিয়তার প্রভাবের কারণে পরত্যিক্ত নগরীতে পরিণত হয় হিরোশিমা ও নাগাসাকি। বর্বরতম ওই হামলা দুটির পরপরই ১৯৪৫ সালের ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটিয়ে আত্মসমর্পণ করে জাপান। হিরোশিমায় 'লিটল বয়' নামের ওই বোমা হামলার সময়কে স্মরণ করে বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশাল এক ঘন্টাধ্বনির মধ্য দিয়ে হিরোশিমা স্মরণোৎসব শুরু করে জাপানিরা। হামলাস্থলে নির্মিত পিস মেমোরিয়াল পার্কে প্রায় ৪৫,০০০ মানুষের এক বিশাল সমাবেশে হিরোশিমার মেয়র তাদাতোশি আকিবা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানান। পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত বছর জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করে জাপান। মেয়র আকিবা জানান, ১৭০টি দেশ ওই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। কেবল যুক্তরাষ্ট্র এবং অন্যদুটি দেশ তাতে সম্মতি দেয়নি। আকিবা বলেন, "আমরা শুধু আশা করতে পারি যে, এ নভেম্বরে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট সচেতনতার সঙ্গে সংখ্যাগরিষ্ঠের কথা শুনবেন।" জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদাও ওই সমাবেশে বক্তব্য রাখেন এবং পরমাণু অস্ত্র ব্যবহার না করা এবং ওই অঞ্চলে এসব অস্ত্র অনুমোদন না করার নীতি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করার অঙ্গীকারের মধ্য দিয়ে জাপান ছাড়াও দিবসটি পালন করছে বিভিন্ন দেশের যুদ্ধ ও পরমাণু অস্ত্রবিরোধী গ্র"পগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬২০ ঘ.