লন্ডন, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের মিলিশিয়া বাহিনী মেহেদি আর্মির সঙ্গে গোপন চুৃক্তির কারণে এ বছরের মার্চে বসরায় লড়াইয়ের সময় মার্কিন ও ইরাকি মিত্র বাহিনীর সহায়তায় এগিয়ে আসেনি ইরাকে মোতায়েন ব্রিটিশ বাহিনী। ব্রিটেনের 'দ্য টাইমস' পত্রিকা মঙ্গলবার একথা জানিয়েছে।
পত্রিকাটি জানায়, আল-সদরের নেতৃত্বাধীন শিয়া মুভমেন্টকে রাজনৈতিক লড়াইয়ে ফিরিয়ে আনার জন্য শক্তিশালী করে তোলাই ছিল ওই চুক্তির মূল লক্ষ্য। চুক্তি অনুযায়ী, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউনের অনুমতি ছাড়া কোনো ব্রিটিশ সেনার বসরায় প্রবেশের সুযোগ ছিল না।
মাহদি আর্মির সঙ্গে ব্রিটিশদের এ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন মেরিন লেফট্যানেন্ট কর্নেল চাক ওয়ের্স্টান 'দ্য টাইমস'কে বলেন, "এতে আমি দুঃখ পেয়েছি"।
পত্রিকাটিকে তিনি বলেন, "সবাই এটা বুঝতে পারছেন যে কাউকে ঢুকতে না দেওয়ার জন্যই চুক্তিটি করা হয়েছিল। খারপ লোকদের সঙ্গে চুক্তি করা ভাল কথা নয়"।
তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মেহেদি আর্মির সঙ্গে এ ধরনের কোনো চুক্তির কথা অস্বীকার করেছে এবং বলেছে যে, ব্রিটিশ বাহিনী সেখানে যেতে পারেনি কারণ তাদের সেরকম কোনো পরিকল্পনা ছিল না।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র আরও বলেছেন, এ বছরের মার্চে 'চার্জ অব দ্য নাইটস' নামের ওই অভিযান পরিকল্পনা, বাস্তবায়ন এবং নেতৃত্ব দেওয়া বিষয়টি ছিল ইরাকি বাহিনীর হাতে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের একটি সূত্র পত্রিকাটিকে বলেছে যে, ওই চুক্তির কারণে ইরাকে ব্রিটিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ব্রিটিশরা নৈতিকতাচ্যুত হয়েছেন বলে মনে করেছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এবং আমেরিকানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24