ওয়াশিংটন, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বুধবার ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ শান্তি আলোচকদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন।
ইসরয়েলি পররাষ্ট্রমন্ত্রী তিজপি লিভনির ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ কুরির সঙ্গে আলাদা আলদাভাবে বৈঠকেরও পরিকল্পনা করছেন রাইস।
ছয় দশকের বৈরিতার অবসান ঘটিয়ে এ বছরের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শন্তি চুক্তি সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র। সে প্রচেষ্টারই অংশ হিসেবে চলতি বছর দেশদুটির সঙ্গে ধারবাহিক সংলাপের অংশ হিসেবে রাইস এই আলোচনা করলেন।
কিন্তু সীমান্ত সমস্যা, জেরুজালেম ইস্যুসহ একাধিক সমস্যার মধ্যে চলতি বছরের মধ্যে শন্তি চুক্তির আদৌ কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না।
এর মধ্যে দুর্নীতি মামলায় জড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মধ্যে পড়েছে। ওলমার্টকে ক্ষমতা থেকে বিদায় নিলে সেটা শান্তি প্রক্রিয়াকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে।
তার ওপর ফাতাহ আর হামাসের বৈরিতায় বিভক্ত হয়ে আছে পশ্চিম তীর ও গাজা। সব মিলিয়ে ইসরায়েলি ফিলিস্তিনি ও নিরপেক্ষ বিশ্লেষকরা চলতি বছরের মধ্যে শন্তি চুক্তির সম্ভাবনা নিয়ে নিরাশ।
ওলমার্ট গত সোমবার জানিয়েছেন, চলতি বছরের মধ্যে হয়তো জেরুজালেমকে অর্ন্তভূক্ত করে চূড়ান্ত চুক্তি সম্ভব নয়। কিন্তু সীমান্ত, শরণার্থীসহ বড় বড় বিরোধগুলো দূর করা সম্ভব হবে।
তবে কুরি সরাসরি জানিয়ে দিয়েছেন, "জেরুজালেমকে বাদ দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়।" মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাইসের সঙ্গে বৈঠক করে বাইরে আসার পর সাংবাদিকরা তার কাছে জানতে চান এ বছরের মধ্যে কি শান্তিচুক্তির সম্ভাবনা আছে। তিনি বলেন, "আল্লাহই এটা ভাল জানেন।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪০ ঘ.
bdnews24