২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাৎসীবাদ ও কমিউনিজমকে এক করে বুশের বিবৃতির নিন্দায় রাশিয়া

রাশিয়া বলেছে, নাৎসী ফ্যাসিবাদের সঙ্গে সোভিয়েত কমিউনিজমকে এক করে দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া এবং মিত্রশক্তিগুলোর সাবেক যোদ্ধাদের আঘাত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। একইসঙ্গে বুশের এ ধরনের মন্তব্যকে আমেরিকার নতুন করে বিশ্ব ইতিহাস লেখার অংশ বলেও অভিহিত করেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মস্কো, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়া বলেছে, নাৎসী ফ্যাসিবাদের সঙ্গে সোভিয়েত কমিউনিজমকে এক করে দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া এবং মিত্রশক্তিগুলোর সাবেক যোদ্ধাদের আঘাত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। একইসঙ্গে বুশের এ ধরনের মন্তব্যকে আমেরিকার নতুন করে বিশ্ব ইতিহাস লেখার অংশ বলেও অভিহিত করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বুশ সোভিয়েত কমিউনজিম এবং নাৎসী ফ্যাসিবাদকে এক করে ফেলে তাদেরকে একত্রে একটি 'একক অশুভ শক্তি' হিসেবে মন্তব্য করায় তা রাশিয়া ও মিত্র শক্তিগুলো এমনকি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাবেক যোদ্ধাদের 'অন্তরে আঘাত' করেছে। গত ১৮ জুলাই প্রকাশিত বুশ স্বাক্ষরিত এক ঘোষণায় এ মন্তব্য স্থান পায়। হোয়াইট হাউসের 'ডব্লিউডব্লিউডব্লিউ ডট হোয়াইটহাউস ডট জিওভি' ওয়েবসাইটে প্রকাশিত ওই ঘোষণায় বলা হয়, "২০ শতকে নাৎসী ফ্যসিবাদ এবং সোভিয়েত কমিউনিজমের শয়তানরা পরাস্ত হয় এবং বিশ্বজুড়ে নতুন নতুন গণতন্ত্রের উত্থানে স্বাধীনতার বিস্তার ঘটে।" এর সমালোচনা করে বার্ষিক 'বন্দি জাতি সপ্তাহ' উদযাপন উপলক্ষ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "সোভিয়েত আমলের অভ্যন্তরীণ নীতিতে ক্ষমতার অপব্যবহার এবং অন্যায্য কঠোরতার সমালোচনা করতে গিয়ে আমরা যেমন কখনওই কমিউনিজম এবং নাৎসীবাদকে সমতুল্য করে দেখার চেষ্টায় নির্বিকার থাকতে পারি না তেমনি এ মন্তব্যের সঙ্গেও একমত হতে পারি না যে, এসব একই ভাবনা এবং লক্ষ্য থেকে পরিচালিত।" রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, "এ ধরনের মূল্যায়ন শুধু তারাই করতে পারে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং স্বার্থপরতার কারণে বাস্তবতার বিকৃত উপস্থাপনের মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টায় মরিয়া হয়ে আছে।" দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মানিকে পরাজিত করতে রাশিয়ার ভূমিকাকে দেশটির জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটি সেনার প্রাণের বিনিময়ে পূর্ব ইউরোপকে নাৎসীদের হাত থেকে মুক্ত করে এবং মিত্রশক্তির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশিয়ার রেড আর্মি। বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৮ ঘ.