২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি সেনা হামলায় হামাস যোদ্ধা নিহত, প্রতিশোধের অঙ্গীকার

ফিলিস্তিনের পশ্চিম তীরে রোববার এক শীর্ষ হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হেবরনে ওই হামাস যোদ্ধার বাড়িতে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। পরে সেনাদের বুলডোজার তার বাড়িটি গুঁড়িয়ে দেয়। হামাস শিগগিরই এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

হেবরন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনের পশ্চিম তীরে রোববার এক শীর্ষ হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হেবরনে ওই হামাস যোদ্ধার বাড়িতে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। পরে সেনাদের বুলডোজার তার বাড়িটি গুঁড়িয়ে দেয়। হামাস শিগগিরই এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। ২৫ বছর বয়সী ওই হামাস যোদ্ধার নাম শিহাব আল-নাতশেহ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা তার বাড়ি ঘিরে ফেলে তাকে আত্মসমর্পণ করতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। তখন সেনারা সেখানে গুলি চালায় এবং তাকে হত্যা করে। এ ঘটনায় হামাসের সঙ্গে ইসরায়েলের গাজা-অস্ত্রবিরতি নতুন করে হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও মিসরের মধ্যস্থতায় সম্পাদিত গাজা অস্ত্রবিরতি পশ্চিমতীরে কার্যকর নয়। কিন্তু অস্ত্রবিরতি স্বাক্ষরের পরও গাজায় ইসরায়েলি সেনা তল্লাশি এবং সীমান্ত থেকে ইসরায়েলের অভ্যন্তওে হামাসের রকেট হামলা অব্যাহত থাকায় এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে তা। হামাসের সশস্ত্র শাখা 'ইজ্ এল-দীন আল-কাসেম ব্রিগেড' এক বিবৃতিতে ওই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে জানিয়েছে, "আমাদের জবাব হবে দ্রুত এবং বেদনাদায়ক"। ওদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, হেবরনে একদল বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং এতে একজন নিহত হয়েছে। এছাড়া বিস্তারিত কিছু জানাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৬ ঘ.