কলম্বো, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার বিমানবাহিনী বৃহস্পতিবার তামিল বিদ্রোহীদের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। একই সময় সেনাবাহিনী বিদ্রেহীদের নিয়ন্ত্রিত একটি এলাকা দখল করে নিয়েছে। এ সময় সংঘর্ষে ২৫ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।
সার্ক সম্মেলন উপলক্ষে 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিইি) এর অস্ত্রবিরতির ঘোষণার দুইদিন পর বৃহস্পতিবার বিমানবাহিনী মুল্লাইতিভু ও কিলোনোচ্ছি জেলায় বিদ্রোহীদের ওপর এই হামলা চালালো।
বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার জানাকা নানায়কারা বলেন, "থুনুক্কাইয়ের পূর্বাঞ্চলে কিলোনোচ্ছিতে বিকালে এলটিটিই নেতাদের এক সমাবেশে হামলা চালায় বিমানবাহিনীর জঙ্গি বিমান। এছাড়া মুল্লাইতিভুর উত্তরে ওদুসুডানে বিদ্রোহীদের একিটি রিক্রুটিং সেন্টারে সকালে হামলা চালানো হয়।"
তিনি আরও বলেন, "বিমানের পাইলট নিশ্চিত করেছেন বোমা সঠিক লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে।"
এছাড়া সেনাবাহিনী জানিয়েছে, মুল্লাইতিভু এলাকায় তারা বিদ্রোহিদের নিয়ন্ত্রিত একটি এলাকা দখল করে নিয়েছে।
মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির এক মুখপাত্র বলেন, "সেনা সদস্যরা তিন কিলোমিটারের মতো এলাকা দখল করে নিয়েছে। এ সময় সংঘর্ষে ২৫ এলটিটিই বিদ্রোহী নিহত হয়েছে।"
মঙ্গলবার এক বিবৃতিতে এলটিটিই জানায়, আগামী ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত রাজধানী কলম্বোয় অনুষ্ঠেয় ১৫তম সার্ক সম্মেলনের সময় সেনাবাহিনীর সঙ্গে কোনও সংঘর্ষে যাবে না তারা। তবে সরকার টাইগার গেরিলাদের এ ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করে।
এক ই-মেইল বিবৃতিতে এলটিটিই জানায়, "শুভেচ্ছা প্রকাশ এবং সম্মেলনের সাফল্য কামনা করে আগামী ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ১৫তম সার্ক সম্মেলনের সময় সেনাবাহিনীর সঙ্গে কোনও সংঘর্ষে না যাওয়ার একপাক্ষিক অস্ত্রবিরতি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.
bdnews24