গুয়ান্তানামো উপসাগর মার্কিন নৌ ঘাঁটি, কিউবা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- ২০০১ সালে ১১ সেপ্টেম্বরে ছিনতাইকৃত চতুর্থ জঙ্গি বিমানটির হামলার লক্ষ্যস্থল সম্পর্কে জানতেন ওসামা বিন লাদেনের সাবেক গাড়ি চালক সালিম হামদান। আল-কায়েদার নেতাদের সঙ্গে হামদানের যোগসাজশ খতিয়ে দেখতে গিয়ে মঙ্গলবার গুয়ান্তানামোর কৌসুলি একথা বলেন। গুয়ান্তানামোয় এই প্রথম কোনো যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে।
হামদানের আইনজীবি তার উদ্বোধনী বিবৃতিতে বলেন, ইয়েমেনি গাড়িচালক হাদমানকে বিচারের আগে প্রায় সাত বছর আটক রাখা হয়। তিনি কেবল পলাতক আল-কায়েদা নেতার বেতনভূক্ত কর্মচারী ছিলেন। মটর পুলে কাজ করা হামদান কখনওই আল-কায়েদায় যোগ দেননি এবং যুক্তরাষ্ট্রে হামলা চালানোর ষড়যন্ত্রও করেননি।
কিন্তু গুয়ান্তানামো কৌসুলি ও মার্কিন নৌ কর্মকর্তা টিমোথি স্টোন মার্কিন সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত ছয় সদস্য বিশিষ্ট জুরি বোর্ডের সামনে বলেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পরিকল্পনা সম্পর্কে হামদান জানতেন। কেননা তিনি যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা নিয়ে লাদেন ও তার সহকারি আয়মান আল-জাওয়াহিরির কথোপোকথন শুনেছিলেন। ছয় সদস্য বিশিষ্ট এই জুরি বোর্ডই নির্ধারণ করবে হামদান দোষী না নির্দোষ।
স্টোন বলেন, "ছিনতাই হওয়া চতুর্থ বিমানটিকে গুলি করে ভূপাতিত না করা হলে তা 'অট্টালিকায়' (ক্যাপিটল) আঘাত করতে পারত।" তিনি বলেন, অভিষ্ট লক্ষ্য অভিযুক্ত ব্যক্তিটি ছাড়া আর কেউই জানত না।
স্টোনের বিবৃতি সম্পর্কে ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি কর্নেল লরেন্স মরিস বলেন, হামদানের জড়িত থাকার প্রমাণ বিচারের সময় উপস্থাপন করা হবে। তবে 'অট্টালিকা' বলতে ক্যাপিটলকে বোঝানো হয়েছে কিনা মরিস তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
কৌসুলিরা বলছেন, আল-কায়েদার ভেতরের পরিমণ্ডলে হামদানের অবারিত দ্বার ছিল। তিনি লাদেনের বিশ্বাস অর্জন করেছিলেন। ১৯৯৮ সালে পূর্ব আফ্রিকার মার্কিন দূতাবাসে হামলা এবং ৯/১১ হামলার পর হামদান লাদেনকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। হামদান একাধারে লাদেনের গাড়িচালক, দেহরক্ষী এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী হিসাবে কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৭ ঘ.
bdnews24