ওয়াশিংটন, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা শনিবার সংক্ষিপ্ত সফরে আফগানিস্তান পৌঁছছেন। ওবামার প্রচারাভিযান শিবির একথা জানিয়েছে।
ওবামার প্রচারাভিযানের শীর্ষ কর্মকর্তা রবার্ট গিবস এক লিখিত বক্তব্যে জানান, "আমি টেলিফোন মারফত জানতে পেরেছি সিনেটর ওবামা ইডিটি সময় সকাল ৩টা ১৫ মিনিটে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অবতরণ করেছেন।"
এছাড়াও গিবস জানিয়েছেন, ওবামা বৃহস্পতিবার আফগানিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেন। প্রথমে তিনি কুয়েত যান এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাত করেন।
এই সফরে ইরাকেও যাওয়ার কথা রয়েছে ওবামার।
ওবামা কুয়েত যাওয়ার সময় বিমানে আরোহণের আগে বলেন, "আমি আফগানিস্তানে এবং বাগদাদের সেনা কমান্ডারদের সঙ্গে কথা বলতে চাই এবং সেখানকার সম্পর্কে ধারণা পেতে চাই এবং তাদের কাজের জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫০০ ঘ.
bdnews24