জেরুজালেম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এছাড়া ইসরায়েলে আল কায়েদা নেটওয়ার্ক স্থাপনের চেষ্টার অভিযোগে আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইসরায়েলের শেইন বেত গোয়েন্দা সংস্থা জনিয়েছে, অভিযুক্তদের একজন তার মোবাইলে জেরুজালেমের একটি খেলার মাঠের ভিডিও চিত্র ধারণ করেন। জেরুজালেম সফরকালে বুশের হেলিকপ্টার ওই মাঠে অবতরণ করেছিল।
এক বিবৃতিতে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি আল কায়েদা সদস্যদের একটি ওয়েবসাইটে বুশের হেলিপ্টার গুলি করে ধ্বংস করার কৌশল জানতে চান।
বুশ গত জানুয়ারি ও মে মাসে ইসরায়েল সফর করেন।
শেইন বেত জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন পূর্ব জেরুজালেমের অধিবাসী এবং দুজন ইসরায়েলের নাগিরক।
তবে এ ব্যাপারে মন্তব্য জানার জন্য অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেইন বেত আরও জানিয়েছে, ইসরায়েলে আল কায়েদা নেটওয়ার্ক তৈরির জন্য অভিযুক্তরা জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক দফা বৈঠক করেছেন। এদের অনেকের কাছ থেকে জব্দ করা কম্পিউটারে বোমা তৈরির ফর্মূলা পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০৫ ঘ.
bdnews24