তেহরান, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উপসাগরে টহলরত মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানো হলে ইরান ইসরায়েলের তেল আবিবে এবং মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাবে বলে মঙ্গলবার হুঁশিয়ার করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি আলি সিরাজি এ হুঁশিয়ারি দিয়েছেন।
আলি সিরাজি ইরানের মধ্য পর্যায়ের এক ধর্মীয় নেতা এবং রেভল্যুশনারি গার্ডে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি।
সংবাদ সংস্থা 'আইএসএনএ' আলি সিরাজির রেভল্যুশনারি গার্ডের উদ্দেশ্যে ভাষণের উদ্বৃতি দিয়ে জানায়, "ইরানে একটি গুলি চললে বিশ্বজুড়ে আমেরিকার প্রধান প্রধান স্বার্থগুলোতে আঘাত হানবে তেহরান।"
যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো দাবি করছে, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। অন্যদিকে, ইরানের দাবি তারা শান্তিপূর্ণ উদ্দেশ্য সাধনের জন্যই পরমাণু কর্মসূচি চালাচ্ছে।
সিরাজি'র উদ্বৃতি দিয়ে জানানো হয়েছে, "ইহুদি রাষ্ট্রটি হোয়াইট হাউসকে ইরানের ওপর হামলা চালানোর জন্য চাপ দিচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি বোকার মতো একাজ করে তাহলে তেল আবিব এবং পারস্য উপসাগরে অবস্থান করা মার্কিন জাহাজ ইরানের প্রথম লক্ষ্য হবে, তাদের জ্বালিয়ে দেওয়া হবে।"
একইসঙ্গে তিনি বলেন, "ইরান কখনই এ ধরনের কাজ সহ্য করবে না। ইরানি জাতি বিশ্বাসী জাতি , তারা জিহাদ এবং শহীদ হওয়ায় বিশ্বাস করে। বিশ্বের কোনো সেনাবাহিনীই তাদের মোকাবেলা করতে পারবে না।"
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রাগিব ইরানের হুমকি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "সিরাজির কথা তাদের নিজেদের ব্যাপার।"
ইসরায়েল মনে করে ইরানকে পরমাণু বোমা তৈরিতে বাধা দিতে হবে। যুক্তরাষ্ট্র বিতর্কিত বিষয়টি সমাধান করতে চাইলেও ইরানে হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে।
ধারণা করা হচ্ছে, সিরাজির এই বক্তব্য সেনা হামলার আশঙ্কা এবং তেলের দাম বাড়িয়ে দেবে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস'র ডেপুটি কমান্ডার মঙ্গলবার আধা- সরকারি 'মেহর' সংবাদ সংস্থাকে বলেন, " ইরানকে হুমকি দেওয়ার জন্য শত্র"দের পস্তাতে হবে।"
তেল আবিব ইসরায়েলের একটি উপকূলীয় শহর। শহরটিতে ১৯৯১ সালের ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৭ ঘ.
bdnews24