বোগোতা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘদিন বিদ্রোহী দল 'রেভল্যুশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়া' (এফএআরসি) বা ফার্ক গেরিলাদের হাতে বন্দি থাকা কলম্বীয় রাজনীতিবিদ ইনগ্রিদ বেতানকোকে বুধবার উদ্ধার করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। গেরিলাদের সঙ্গে কোনোও গুলি বিনিময় ছাড়াই সেনাবাহিনী বেতানকোকে উদ্ধার করেছে। উদ্ধার অভিযানের এই সফলতায় বড় ধরনের ধাক্কা খেল ল্যাতিন আমেরিকার বহুবছরের পুরোনো বিদ্রোহী তৎপরতা।
অবশ্য বিদ্রোহী তৎপরতার বিরুদ্ধে কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরাইবস এর যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রচারাভিযানে ফার্ক গেরিলারা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল আগেই।
ফরাসি-বংশোদ্ভুত কলাম্বিয়ার নাগরিক এবং সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী বেতানকোকে দীর্ঘ ছয় বছর জঙ্গলে বন্দি করে রাখে ফার্ক গেরিলারা। উদ্ধার পাওয়ার পর কলাম্বিয়া বেতার ক্যারাকোলকে প্রথম প্রতিক্রিয়ায় বেতানকো কান্না জড়িত কন্ঠে কলাম্বিয়া সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি বিশ্বাস করি এটা কলাম্বিয়ার জন্য একটি শান্তির ইঙ্গিত, আমরা শান্তি খুঁজে পেয়েছি।"
এর কয়েক মিনিট পরেই বেতানকো বোগোতা বিমান বাহিনীর ঘাঁটিতে এসে পৌঁছান। এ সময় সেখানে তার মা ইউল্যান্ডা পুলেসিও উপস্থিত ছিলেন। বিমান থেকে নেমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা মাকে জড়িয়ে ধরেন বেতানকো।
গত বছর গেরিলাদের প্রকাশিত এক ভিডিও চিত্রে বেতানকোকে দেখা যায়। ওই ভিডিও চিত্রে তাকে অসুস্থ এবং জঙ্গলের বন্দি শিবিরে থেকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। এরপর কলাম্বিয়া এবং বহির্বিশ্বে বেতানকো ও অন্য বন্দিদের মুক্তি নিয়ে তোড়জোড় শুরু হয়।
মুক্তি পাওয়ার অনুভূতি বর্ণনা করে বেতানকো বলেন, বন্দিদের হাতকড়া পরিয়ে জোর করে হেলিকপ্টারে তোলা হয়। তবে গেরিলাদের নিরস্ত্র দেখে বন্দিরা খুবই আশ্চর্য হয়। ঠিক সে সময়ই একজন সেনা কর্মকর্তা বলেন " তোমরা মুক্ত।" এ দৃশ্যকে তার কাছে চলচ্চিত্রের শেষ দৃশ্যের মতোই মনে হয়েছে।
উদ্ধার অভিযান সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে কলম্বিয়া সেনাবাহিনীর জেনারেল ফ্রেডি পাডিলা জানান, হেলিকপ্টার অবতরণ এবং দুই গেরিলাকে নিরস্ত্র করতে ২২ মিনিট ১৩ সেকেন্ড সময় লাগে। বন্দি দুই গেরিলাকে কারাগারে নেওয়া হয়েছে।
কলাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জুয়ান মানুয়েল সান্তোস জানান, এটা সেনাবিহনীর গোয়েন্দা শাখার অভিযান। কলম্বিয়ার সেনা গোয়েন্দারা গুয়াভিয়ারে প্রদেশের জঙ্গলে গেরিলাদের আস্তানায় প্রবেশ করে একটি ত্রাণকর্মীদলের সদস্যের ছদ্মবেশে বন্দিদেরকে অন্য এক বিদ্রোহী কমাণ্ডারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়ার ছলে বেতানকোকে উদ্ধার করে।
ইউরিব বলেন, "এটি একটি গোয়েন্দা অভিযান এবং মানব ইতিহাসে একটি বড় ধরনের দৃষ্টান্ত। এ অভিযানে এক ফোঁটা রক্তপাতও হয়নি।"
বেতানকোর সঙ্গে তিন মার্কিন বন্দিসহ ১৫ বন্দির সবাইকেই এভাবে উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েঢন্টিফোর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২১৬ ঘ.
bdnews24