২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবেকে বয়কটের আহ্বান জানাল কেনিয়া

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে আফ্রিকান ইউনিয়ন (এইউ) থেকে বয়কটের আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। জিম্বাবুয়েতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত তাকে বয়কট করে চলার জন্য ওডিঙ্গা সোমবার এইউ'র প্রতি আহ্বান জানান। বিবিসি অনলাইন এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

শার্ম এল-শেইখ, মিসর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে আফ্রিকান ইউনিয়ন (এইউ) থেকে বয়কটের আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। জিম্বাবুয়েতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত তাকে বয়কট করে চলার জন্য ওডিঙ্গা সোমবার এইউ'র প্রতি আহ্বান জানান। বিবিসি অনলাইন এ খবর দিয়েছে। বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে মুগাবে সোমবার আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেই বিরূপ পরিস্থিতির মুখে পড়েন। জিম্বাবুয়ে ইস্যুতে সরব হয় গোটা সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েই মুগাবে বিরোধীদলের সঙ্গে আলোচনার জন্য চাপের মুখে পড়েন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে অংশগ্রহণ এবং সহিংসতা ও অবৈধ উপায় অলম্বন করে জয়লাভের জন্য সম্মেলনে এই চাপের মুখোমুখি হন তিনি। মুগাবে রোববার নতুন মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই এইউ সম্মেলনে গেলেন। তিনি এখানে পৌঁছা মাত্রই আফ্রিকার আঞ্চলিক শক্তির দেশ দক্ষিণ আফ্রিকা তার জানু-পিএফ পার্টিকে বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ এমডিসি'র সঙ্গে উত্তরণশীল সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাওয়িও বলেছেন, "দুপক্ষের মধ্যে কিছু আলোচনা হওয়া দরকার। তা না হলে ফল এক মেরুভিত্তিকই হবে।" সহিংস এবং অবৈধ পন্থা অবলম্বন করার জন্য নির্বাচনী পর্যবেক্ষকদের নিন্দার সম্মুখীন হয়েছেন মুগাবে। সোমবার মুগাবে এইউ সম্মেলনে যোগ দিয়ে আরও তীব্র সমালোচনার শিকার হন। আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকরা নির্বাচন মানস্মত হয়নি বলে জিম্বাবুয়ের নির্বাচনের নিন্দা জানান। তারা বলেন, নির্বাচনপূর্ব সহিংসতায় নির্বাচনের পরিবেশ ক্ষুন্ন হয়েছে। সংবাদদাতারা বলছেন, আফ্রিকান ইউনিয়ন জিম্বাবুয়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তার ওপরই এই ব্লকের কার্যকারিতা নির্ভর করছে। নাইরোবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেনিয়ার প্রধানমন্ত্রী ওডিঙ্গা বলেন, "এইউ এর উচিত মুগাবেকে বয়কট করা এবং জিম্বাবুয়েতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে শান্তি বাহিনী পাঠানো।" মুগাবের কট্টর সমালোচক ওডিঙ্গা বলেন, "এইউ মুগাবেকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে মেনে নিলে বিপজ্জনক নজির সৃষ্টি করবে।" ওদিকে, জাতিসংঘ আফ্রিকার নেতাদেরকে আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানের চেষ্টা করার আহ্বান জানিয়েছে। জিম্বাবুয়ে ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই দেশটির ক্ষমতায় আছেন মুগাবে। মুগাবে গতরাতে মিসর পৌঁছান। তাকে এইউ চেয়ারম্যান এবং মিসর, তানজানিয়া এবং উগান্ডার নেতাদের সঙ্গে সম্মেলনের কনফারেন্স হলে দেখা গেছে। জিম্বাবুয়ের দ্বিতীয় দফা নির্বাচন থেকে বিরোধী দলের নেতা মরগান স্যাঙ্গেরাই প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পরও মুগাবে নির্বাচন চালিয়ে গেছেন। এর জন্য তিনি আফ্রিকা ও বর্হিবিশ্বে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন। মুগাবের সমর্থকরা তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে ও ভীতি প্রদর্শন করছে অভিযোগ করে বিরোধী দলের নেতা স্যাঙ্গেরাই নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি আরও অভিযোগ করেন, মুগাবে বা জানু- পিএফ এর সমর্থকদের হামলায় তার কমপক্ষে ৯০ জন সমর্থক নিহত হয়েছেন। এছাড়াও, সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) এবং প্যান-আফ্রিকান নির্বাচন পর্যবেক্ষকরাও নির্বাচনে সহিংসতার কথা উল্লেলখ করে বলেছেন, নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়নি। এইউ শীর্ষ সম্মেলনে জিম্বাবুয়ের ওপর পশ্চিমা বিশ্বের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে আলোচনা হবে। এছাড়াও নিষেধাজ্ঞার বদলে মুগাবে ও স্যাঙ্গেরাইয়ের সঙ্গে আলোচনার বিষয়টিতে জোর দেওয়া হবে। আফ্রিকার অনেক নেতাই মনে করছেন, জিম্বাবুয়ের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধ করতে কেনিয়ার মতো ক্ষমতা ভাগাভাগি করা যেতে পারে। তবে স্যাঙ্গেরাই আফ্রিকার দেশগুলোর নেতাদের প্রতি মুগাবের পুন:নির্বাচিত হওয়াকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্যাঙ্গেরাই ডাচ পাবলিক টেলিভিশনে বলেন, " আমরা চাই তারা (আফ্রিকান ইউনিয়ন) নির্বাচনকে অবৈধ আখ্যা দিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ ঘ.