ম্যানিলা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টাইফুন 'ফেঙ্গশেন' শনিবার ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ফিলিপাইনে আঘাত হেনেছে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো উপকূলীয় এলাকা। নিহত হয়েছে কমপক্ষে ১৭ জন।
টাইফুনের ফলে সৃষ্ট জলোচ্ছাস ও বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধ্বস। এছাড়া ৬২৬ জন যাত্রী ও ১২১ জন ক্র নিয়ে সমুদ্রে অকেজো হয়ে পড়েছে একটি ফেরি। ফেরিটি বিকল অবস্থায় সিবুয়ান দ্বীপের কাছাকাছি ভাসছে বলে জানিয়েছে উপকূলরক্ষীরা।
উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র বলেন, "ফেরিটি বিকল অবস্থায় সমুদ্রে ভেসে বেড়াচ্ছা। কিন্তু অশান্ত সমুদ্রে বড় বড় ঢেউয়ের কারণে আমরা এটির কাছে পৌঁছাতে পারছি না।"
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ফিলিপাইনে ডুবে মারা গেছে ১০ জন এবং ম্যাগুইন্দানাও প্রদেশে একটি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর পানিতে ভেসে গেছে আরও পাঁচজন। কোতাবাতো শহরে মাটিচাপা পড়ে এক শিশুসহ নিহত হয়েছে দুজন ।
ঘূর্ণিঝড়ের অবস্থান নির্ণয়কারী ট্রপিকালস্ট্রমরিস্ক ডটকম নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, টাইফুন 'ফেঙ্গশেন' ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বেগে ফিলিপাইনের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। এটি এখন দক্ষিণে তাইওয়ানের দিকে অগ্রসর হচেছ।
৮ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারাইয়ো তড়িৎ উদ্ধার অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। দক্ষিণাঞ্চলে গলা পর্যন্ত পানিতে আটকে পড়া এলাকাবাসীকে স্পিডবোট নিয়ে উদ্ধার করছে নৌবাহিনীর সদস্যরা।
ফিলিপাইনে চলতি বছরের ষষ্ঠ তাইফুনে গাছপালা উপড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপযস্ত হয়ে পড়েছে। এছাড়া বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩৫ ঘ.
bdnews24