২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর নাইটক্লাবে অভিযানে পদপিষ্ট হয়ে নিহত ১২

মেক্সিকো সিটিতে শুক্রবার একটি নাইটক্লাবে পুলিশি অভিযানের সময় তাড়াহুড়া করে বেরোতে যেয়ে পদপিষ্ট ও শ্বাসরুদ্ধ হয়ে তিন পুলিশসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

মেক্সিকো সিটি, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেক্সিকো সিটিতে শুক্রবার একটি নাইটক্লাবে পুলিশি অভিযানের সময় তাড়াহুড়া করে বেরোতে যেয়ে পদপিষ্ট ও শ্বাসরুদ্ধ হয়ে তিন পুলিশসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে। মেক্সিকো সিটির পুলিশ প্রধান জোয়েল ওর্তেগা জানিয়েছেন অল্প বয়স্কদের নাইটক্লাবে যাওয়া রোধ করতে পুলিশ ওই অভিযানে যায়। এ সময় 'নিউজ ডিভাইন' নামের ওই ক্লাবটির মালিক সবাইকে জানিয়ে দেন যে পুলিশ ক্লাব ভবনে ঢুকে পড়েছে। এতে সবাই তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে নয় যুবক ও ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে তিন পুলিশ নিহত হয়। ওর্তেগা বলেন, "এক হাজারেরও বেশি মানুষ পদপিষ্ট হয়। এদের মধ্যে সাতজন নিহত হয়েছে।" মেক্সিকোর গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিন যুবকের মৃতদেহ ক্লাবটির প্রবেশ পথে পড়ে রয়েছে। ওর্তেগা জানান, সবাই একসঙ্গে ছোট ইমার্জেন্সি পথ দিয়ে বেরোনোর চেষ্টা করলে সেখানে দাড়ানো তিন পুলিশ সদস্য ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তবে ওই ঘটনায় কতজন আহত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ওই ঘটনায় ৩০ যুবক ও নাইটক্লাবটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান। তবে তিনি জানিয়েছেন, নাইটক্লাবটিতে আকস্মিকভাবে অভিযান চালানো হয়নি। এটির মালিককে আগে থেকেই জানানো হয়েছিল। মেক্সিকোতে ১৮ বছরের কম বয়স্কদের কাছে উত্তেজক পানীয় বিক্রি নিষিদ্ধ এবং নাইটক্লাবগুলোকে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলারাখার অনুমতি দেওয়া হয়। তবে বার ও নাইটক্লাব মালিকেরা প্রায়ই এ নিয়ম-নিষেধাজ্ঞা মানে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.