২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে আল গোরের সমর্থন

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর সোমবার ডেমোক্র্যাট দলের হবু প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ডেট্রয়েট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর সোমবার ডেমোক্র্যাট দলের হবু প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। ডেট্রয়েটে এক বিশাল সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুধু একজন নতুন নেতা নয় ভবিষ্যতের জন্য নতুন দৃষ্টিভঙ্গিও প্রয়োজন। আর তাই ওবামাকে হোয়াইট হাউসের নির্বাচনী দৌড়ে জেতাতে সম্ভব সবকিছুই করবেন তিনি। জলবায়ু পরিবর্তন রোধ আন্দোলনের জন্য বিশ্বব্যাপী পরিচিত মার্কিন ডেমোক্র্যাট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আল গোর এই প্রথম প্রকাশ্যে বারাক ওবামাকে সমর্থন দিলেন। কয়েকমাস ধরে চলতে থাকা ওবামা-হিলারি লড়াইয়ের সময় কারও প্রতিই সমর্থন জানাননি আল গোর। হিলারির স্বামী বিল ক্লিনটন প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আল গোর। ২০০০ সালের নির্বাচনে আল গোর দেশব্যাপী ভোটে প্রতিদ্বন্দ্বী বুশের চেয়ে এগিয়ে থাকলেও ফ্লোরিডার নির্বাচনে ভোটের হিসাব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে শেষপর্যন্ত জর্জ ডব্লিউ বুশই প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডেট্রয়েটে প্রায় ২০,০০০ লোকের ওই সমাবেশে আল গোর প্রেসিডেন্ট বুশের কঠোর সমালোচনা করেন এবং বলেন, রিপাবলিকান প্রার্থী জন ম্যককেইনের রাজনীতি বর্তমান শাসক বুশের চেয়ে আলাদা কিছু নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.