কেপ কেনাভেরাল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন নভোযান ডিসকভারি ঘরে ফিরে এসেছে। মহাকাশে দুই সপ্তাহের সফর শেষে শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করে নভোযানটি।
এ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাফল্যের সঙ্গে জাপানের তৈরী গবেষণাগার স্থাপন করে ফিরলো ডিসকভারি।
৩২ টন ওজনের 'কিবো' নামের বিশেষ এ গবেষণাগারটির ফলে এখন মহাকাশে বসে থেকেই প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন বিজ্ঞানীরা। ফলে অনেক কিছুই এখন আর মহাকাশ থেকে পৃথিবীতে বয়ে আনতে হবে না।
এ অভিযানে জাপানোর কিবো গবেষণাগার স্থাপন ছাড়াও ডিসকভারির সাত নভোচারী মিলে মহাকাশ স্টেশনের ভেঙে যাওয়া টয়লেটটিও মেরামত করেন এবং সেখানে একটি নতুন পাম্প সংযোজন করেন।
একইসঙ্গে মহাকাশ স্টেশনে আরও বেশি সংখ্যক ক্রু'র একত্রে অবস্থানের জন্য সেখানকার নতুন কাঠামো নির্মাণের কাজও করেন তারা। প্রায় ১০ হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত ওই নতুন কাঠামোর ফলে মহাকাশে আগামী বছর থেকে বর্তমান তিন ক্রু'র পরিবর্তে একত্রে ছয়জন থাকতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৫৪ ঘ.
bdnews24