টোকিও, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের উত্তরাঞ্চলে শনিবার সকালে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় ভূমিধসের ফলে কমপক্ষে ৩ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। (আরও তথ্যসহ - ২)
সকাল ৮টা ৪৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিওর ৩০০ কিলোমিটার উত্তরে ইওয়াতে নামের একটি গ্রামীণ এলাকায়। এলাকাটিতে জনবসতি অত্যন্ত কম হওয়ায় এতো শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে এতে ব্যাপক ভূমিধসের ফলে বহু রাস্তাঘাট পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং অনেক এলাকার বাসিন্দারা সেখানে আটকা পড়েছেন।
জাপানের মুখ্যমন্ত্রিপরিষদ সচিব নবুতাকা মাচিমুরা সাংবাদিকদের জানান, ভূমিধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। আরেক ব্যক্তি ভূমিকম্পের সময় একটি ভবন থেকে দৌড়ে পালানোর সময় সামনের রাস্তায় একটি গাড়ির নীচে চাপা পড়ে মারা যান। তৃতীয় একজন একটি বাঁধ নির্মানস্থলে পাথর পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
জাপানের কিয়োডো বার্তা সংস্থা জানিয়েছে, ভমিকম্পের কমপক্ষে একশ জনেরও বেশি আহত হয়েছে। ওদিকে জাপান রেলওয়ে জানিয়েছে দুই স্টেশনের মাঝে আটকা পড়ায় একটি বুলেট ট্রেনের প্রায় ২,০০০ যাত্রী সেখানে আটকা পড়েছে।
বাতা সংস্থাটি আরও জানিয়েছে, টোকিও'র দমকল বিভাগ ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় একটি জরুরি উদ্ধারকারী ও ত্রাণদল পাঠিয়েছে। ইওয়াতে'র গভর্নর তাকুয়া তাসো সেনাবাহিনীর দুযোর্গ ত্রাণ শাখার সহায়তা চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫৩ ঘ.
bdnews24