২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতি ভিক্ষুদের 'দেশপ্রেমের পরীক্ষা' নেবে চীন

চীনে ভিক্ষু হিসেবে থাকতে হলে সরকারের কাছে দেশপ্রেমের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে ভিক্ষুদের। ওই পরীক্ষা সম্ভবত অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। আর এ জন্য ভিক্ষুদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে চীন সরকার। মার্চে ভিক্ষু বিক্ষোভে তিব্বত ফুঁসে ওঠার তিনমাস পরেই এ পদক্ষেপ নিল চীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

গানান প্রিফেক্টার, চীন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে ভিক্ষু হিসেবে থাকতে হলে সরকারের কাছে দেশপ্রেমের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে ভিক্ষুদের। ওই পরীক্ষা সম্ভবত অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। আর এ জন্য ভিক্ষুদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে চীন সরকার। মার্চে ভিক্ষু বিক্ষোভে তিব্বত ফুঁসে ওঠার তিনমাস পরেই এ পদক্ষেপ নিল চীন সরকার। এই পরিস্থিতিতে তিববতের গাংসু প্রদেশের গানানের ভিক্ষুদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কেননা, ওই প্রদেশের ভিক্ষুরা মার্চের সংঘর্ষের সময় সরকারি ভবন ও বেশ কয়েকটি অ-তিব্বতি দোকান পাটে হামলা চালায়। ভিক্ষুরা 'দেশপ্রেম শিক্ষা' গ্রহণের এই সময়ে বৌদ্ধ মঠগুলোর প্রধান প্রবেশমুখে পাহারা বসিয়ে রেখেছে সশস্ত্র আধাসামরিক বাহিনী। এছাড়াও একটি কর্মী দলে মঠে মঠে ঘুরে ভিক্ষুদের দেশপ্রেম শিক্ষার অগ্রগতি পরিদর্শন করছে। দালাই লামার প্রতি আনুগত্য ভেঙে দিতেই ভিক্ষুদের জন্য এ সমস্ত ক্লাস এবং পাঠ্যক্রম শিক্ষার আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তিব্বতিদের ধর্মীয় নেতা দালাই লামার উস্কানিতে ভিক্ষুরা সরকার বিরোধী বিক্ষোভ করেছে বলে চীনের ধারণা। ভিক্ষুরা বলছেন, দলটি আগস্টে বেইজিং অলিম্পিক না হওয়া পর্যন্ত মঠে মঠে ঘুরে ভিক্ষুদের দেশপ্রেম শিক্ষা তদারক করবে। এই শিক্ষার জন্য ভিক্ষুদের যে বইগুলো পড়তে দেওয়া হয়েছে তার একটি হচ্ছে চীনা আইন। এতে রয়েছে- আঞ্চলিক সায়ত্ত্বশাসন আইনসহ চীনা আইন, তিব্বতের স্বাধীনতা এবং দালাই লামার নিন্দা সম্বলিত কয়েকটি অধ্যায়। এক তিব্বতি বলেন, "আমরা এই পাঠ্যক্রম বিশ্বাস করি না, আমরা কেন তা করব?" তিনি আরও বলেন, "সারা বিশ্ব দালাই লামাকে সম্মান করে কথা বলে, চীন কেনো বলবে না?" ভিক্ষুদের আরেকটি বই দেওয়া হয়েছে। এর নাম 'প্রচারণার বিষয়'। এই বইতে রয়েছে ' অস্থিরতার সময়টিতে আমাদের ভূ-খন্ডে কি হয়েছে' এবং ' তিব্বত কিভাবে চীনের অংশ হল সেই ইতিহাস'। এক তরুণ ভিক্ষুর উক্তি, "তারা আমাদের সবাইকে সন্ত্রাসী কিংবা তিব্বতি বিচ্ছিন্নতাবাদী মনে করে এবং বলে আমাদের দেশকে ভালোবাসতে হবে।" আরেক তরুণ ভিক্ষুকে দেশপ্রেমের পরীক্ষা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। একেই বলে স্বাধীনতা না থাকা। তিব্বতিদের কোনো কিছুই বলার অধিকার নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩২ ঘ.