২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলা পাক-মার্কিন মিত্রতায় চিড় ধরাতে পারে

মার্কিন বিমান হামলায় ১১ পাকিস্তানি সেনা নিহত হওয়ায় দুদেশের সম্পর্কের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দেশদুটিকে অনেক বেগ পেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ইসলামাবাদ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন বিমান হামলায় ১১ পাকিস্তানি সেনা নিহত হওয়ায় দুদেশের সম্পর্কের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দেশদুটিকে অনেক বেগ পেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় গত মঙ্গলবার রাতে এক মার্কিন বিমান হামলায় ১১ পাকিস্তানি সেনা নিহত হয়। পাকিস্তান বাহিনী এই হামলার নিন্দা জানিয়ে একে 'কাপুরুষোচিত' বলে অভিহিত করে। পাক-আফগান সীমান্তের দুপাশে নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব সব সময় ছিল। তবে মঙ্গলবারের ভয়াবহ হামলার কারণে দুই অংশের মধ্যে সহযোগিতা আগামীতে আরও কমে যেতে পারে। পাকিস্তানের একটি পত্রিকার সম্পাদক এবং আফগান ও উপজাতীয় বিষয়ে বিশেষজ্ঞ রহিমউল্লাহ ইউসুফজাই বলেন, "দুপক্ষই চেষ্টা করবে সম্পর্কের এই ক্ষতি কাটিয়ে উঠতে। তবে আমি মনে করি তারপরও দুই দেশের বাহিনী একে অন্যকে বিশ্বাস করবে না এবং তাদের মধ্যে সহযোগিতাও কমে যাবে।" আল কায়েদাবিরোধী যুদ্ধে পাকিস্তান যখন যুক্তরাষ্টের সঙ্গে সহযোগিতা কমাতে চাইছে তখনই মোহমান্দের এই ঘটনা দেশটির দুই মাস বয়সী সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দেবে বলে বিশ্লেষকদের ধারণা। এর আগ পর্যন্ত মার্কিন প্রশাসন সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যাপারে সরাসরি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে যোগাযোগ করে এসেছে। তবে নতুন সরকার আসার পর থেকেই মুশাররফের সঙ্গে সেই যোগাযোগ অনেকটা কমে গেছে। মার্কিন প্রশাসন এখন রাজনৈতিক নেতাদের সঙ্গে কাজ করার চেষ্টা করছে। পাকিস্তানের অধিকাংশ জনগণ মনে করে সন্ত্রাসবিরোধী যুদ্ধ য্ক্তুরাষ্ট্রের, পাকিস্তানের নয়। কাজেই এক্ষেত্রে জনমতকে উপেক্ষা করে মার্কিন সরকারকে সরাসরি সযোগিতা করা রাজনৈতিক নেতাদের জন্য কঠিন হয়ে পড়বে। পাকিস্তানের আফগান সীমন্তবর্তী সাতটি উপজাতি এলাকার সাবেক নিরাপত্তা প্রধান মাহমুদ শাহ বলেন, "মঙ্গলবারের ঘটনা দুদেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলবে।" তিনি আরও বলেন, "ওই ঘটনায় জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ। সরকার ও সেনাবাহিনী এই হামলার প্রতিবাদ জানিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/