বেইজিং, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় এক দশকের মধ্যে বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসেছে চীন ও তাইওয়ান। তবে আলোচনায় স্পর্শকাতর রাজনৈতিক সমস্যা এড়িয়ে মাত্র কয়েকটি বাস্তবসম্মত বিষয়কেই প্রাধান্য দিচ্ছে দীর্ঘদিনের বৈরি কূটনৈতিক সম্পর্কের এই দুই দেশ।
আলোচনা চলছে মাত্র দুটি বিষয় নিয়ে-- চীন ও তাইওয়ানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা এবং চীনা পর্যটকদের জন্য তাইওয়ানের দ্বার উন্মুক্ত করা। ১৯৪৯ সালে গৃহযুদ্ধ অবসানকালে পরাজিত ন্যাশনালিস্ট বাহিনী তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় থেকে বেইজিং-তাইপে সরাসরি বিমান চলাচল বন্ধ আছে।
লম্বা একটি টেবিলে মুখোমুখি বৈঠকে বসেছে পর্যটন ও পরিবহন কর্মকর্তাদের নিয়ে গঠিত চীন ও তাইওয়ানের আলোচক দল। টিভি ক্যামেরায় তোলা হচ্ছে সেই বৈঠকের ছবি। বৈঠক শুরু হয়েছে দুই আলোচক দলের নেতার সহাস্য করমর্দনের মধ্য দিয়ে। দুপক্ষের মধ্যে বৃহস্পতিবার সারাদিনের আলোচনা শেষে শুক্রবার তারা চুক্তি সই করবেন।
সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, চীনা আলোচক দলের প্রধান চেন উইনলিন বৈঠকের উদ্বোধনী বক্তব্যে বলেছেন, "আমরা এই মহিমান্বিত মিশনের মহান দায়িত্ব অনুভব করতে পারছি এবং দুপক্ষের জনগণের আশা-আকাঙ্খা উপলব্ধি করার জন্য আমাদের সাধ্যমত চেষ্টা করে যেতে হবে।"
আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন চেন এবং তাইওয়ানের আলোচক দলের প্রধান পি কে শিয়াং। তাইওয়ানের দিকে তাক করে রাখা চীনের ক্ষেপণাস্ত্র ইস্যুতে দুপক্ষের শান্তিচুক্তি করার বিষয়টি আলোচনায় স্থান পাবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, বেশি বিতর্কিত ইস্যু এড়িয়ে অপেক্ষাকৃত কম বিতর্কিত ইস্যুগুলোই প্রথমে সমাধা করে নিতে চাইছে দুপক্ষ।
ফলে বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে, বিমান চলাচল শুরু করা এবং চীনা পর্যটকদেও তাইওয়ানে যেতে দেওয়া। বলেছেন, তাইওয়ানের আলোচক দলের প্রধান শিয়াং। দুটো জিনিসই খুব শিগগিরি কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তাইপের তামকাং বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগের প্রফেসর অ্যালেক্সান্ডার হুয়াং বলেছেন, চীন-তাইওয়ানের এই আলোচনা পরবর্তীতে দুপক্ষের মধ্যে নিয়মিত আলোচনার পথ প্রশস্ত করবে। যাতে করে আরও জটিল এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪২ঘ.
bdnews24