বেইজিং, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগস্টে বেইজিং অলিম্পিকের সময় আরও ভালোভাবে আবহাওয়ার পূর্বাভাস পেতে মঙ্গলবার ২য় দফায় আবহাওয়া উপগ্রহ পাঠিয়েছে চীন। চীনের সরকারি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানায়, ২,২৯৫ কিলোগ্রাম ওজনের 'ফেঙ্গিউন-৩' উপগ্রহটি ১০ থেকে ১৫ দিনের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস দেবে।
আবহাওয়া পরিস্থিতি আসন্ন অলিম্পিক সফলভাবে অনুষ্ঠান করার বেইজিংয়ের প্রচেষ্টায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে অলিম্পিক প্রতিযোগিতার সময় আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
'দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি' (আইওসি) জানিয়েছে, আকাশের অবস্থা যথেষ্ট ভাল না থাকলে কিছু ইভেন্ট অন্যত্র সরিয়ে নিতে হতে পারে। আইওসি আরও জানিয়েছে, আকাশের অবস্থা সম্পর্কে যত আগাম পূর্বাভাস পাওয়া যাবে ততই তাদের জন্য অনুষ্ঠান অন্যত্র আয়োজন করা সহজ হবে।
৮ আগস্ট বেইজিংয়ের ছাদবিহীন "বার্ড'স নেস্ট ন্যাশনাল স্টেডিয়াম" এ অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু চীনের রাজধানীতে আগস্ট মাসের প্রথম দিকে সাধারণত বৃষ্টি হওয়ায় ছাদবিহীন স্টেডিয়ামটিতে ওই উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৪ ঘ.
bdnews24