বোগোতা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- 'রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া' (এফএআরসি) বা 'ফার্ক' এর প্রতিষ্ঠাতা এবং শীর্ষ কমান্ডার ম্যানুয়েল মারুলান্দা মারা গেছেন। কলম্বিয়ার সরকার শনিবার একথা জানিয়েছে। গভীর অরণ্যের গেরিলা ঘাঁটি থেকে গত ৪০ বছর ধরে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিলেন মারুলান্দা।
ফার্ক প্রধানের মৃত্যুর খবরটি নিশ্চিত হলে তা হবে ল্যাতিন আমেরিকার সবচেয়ে পুরনো এই বিদ্রোহী গ্র"পটির জন্য ভয়াবহ দু:সংবাদ। কেননা, ইতোমধ্যেই লাগাতার সেনা অভিযানের কারণে যথেষ্ট কোণঠাসা হয়ে পড়েছে গেরিলা দলটি।
এর আগেও অনেকবার মারুলান্দার গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর খবর ছড়ালেও কখনওই তা নিশ্চিত করেনি সরকার। পাঁচ বছর আগে সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর ৭০ বছরের বেশি বয়সী মারুলান্দাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে শনিবার বলা হয়, "সামরিক গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা জেনেছি, এফএআরসি'র শীর্ষ নেতা পেদ্রো আন্তোনিও মারিন, ওরফে ম্যানুয়েল মারুলান্দা, ওরফে 'শিওরশট' মারা গেছেন"।
তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তার কাছে ফার্ক প্রধানের মৃত্যুর খবরটি পৌঁছায়। প্রেসিডেন্ট উরিবে তার বক্তব্য থামিয়ে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একে সরকারের বিজয় বলে অভিহিত করেন। তিনি বলেন, "আমরা আশা করছি সূত্রটি নির্ভরযোগ্য হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫২ ঘ.
bdnews24