সান্তিয়াগো, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিলিতে বন্যায় এবং প্রবল বৃষ্টিপাতে পাঁচজন নিহত এবং ১৫ হাজার মানুষ ঘরছাড়া হয়ে পড়েছে। বন্যার ফলে দক্ষিণ চিলির মধ্যাঞ্চলে অনেক রাস্তা ও সেতু ভেঙ্গে গেছে এবং বন্ধ হয়ে গেছে বিশ্বের সর্ব বৃহৎ ভূ-গর্ভস্থ তামার খনিটি। এছাড়াও রাজধানীতে খাবার পানির সংকট দেখা দিয়েছে। শুক্রবার দেশটির সরকার এসব কথা জানিয়েছে।
বন্যার ফলে রাজধানী সান্তিয়াগোসহ অন্যান্য এলাকার স্কুলগুলো বন্ধ রয়েছে। বেশকয়েকটি নদীর পানি বেড়ে গেছে এবং তা দক্ষিণের অঞ্চলগুলোর দিকে প্রবল বেগে ধেয়ে যাচ্ছে। পানির তোড়ে কয়েক হাজার বাড়ি-ঘর ভেসে গেছে।
চিলির জনসেবা বিষয়ক সহকারি সচিব জুয়ান স্যালডিভিয়া বলেন, "সাতটিরও বেশি নদীর পানি অনেক বেড়ে গেছে।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "গতরাতে আমরা খুবই সংকটজনক পরিস্থিতিতে ছিলাম কেননা চিলির উত্তর-দক্ষিণের মধ্যকার প্রধান সড়কটি তিন জায়গায় ভেঙ্গে গেছে।"
এছাড়াও কর্তৃপক্ষ ভূমি ধ্বসের জন্য চিলির 'এল টেনিইন্টি কপার মাইন' টি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
চিলির সরকার জানায়, বন্যায় প্রায় ৮ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ১৫ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে বাধ্য হয়ে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
ওদিকে নিহত পাঁচ জনের মধ্যে দুইজন ভূমিধ্বসে, একজন গাছের নিচে চাপা পড়ে, একজন শিলার আঘাতে এবং অন্যজন শরীরের তাপমাত্রা অস্বাভাবিক ভাবে কমে যাওয়ার ফলে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩৫ ঘ.
bdnews24