চেংডু, চীন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতিকর তেজস্ক্রিয়তার ৫০টি উৎসের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার চীনের সহকারি পরিবেশ মন্ত্রী উ জিয়াওকিং একথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং দুর্ঘটনাক্রমে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি।
চীনে ১২ মে আঘাত হানা ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য সিচুয়ান প্রদেশ। এখানকার মিয়ানিয়াং এলাকায় রয়েছে চীনের প্রধান পরমাণু অস্ত্র গবেষণাগার এবং বেশ কয়েকটি গোপন পরমাণু স্থাপনা। তবে এখানে কোনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নেই।
সহকারি পরিবেশমন্ত্রী উ বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, "তেজস্ক্রিয়তা উৎসের ৩৫টিকে 'নিরাপদ' করা হয়েছে এবং অপর ১৫টি উৎসের অবস্থানও নিশ্চিত হওয়া গেছে। তবে সেগুলো এখনও 'নিরাপদ' করা যায়নি।"
উ আরও বলেন, "তেজস্ক্রিয়তার উৎসের তিনটি ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে এবং অন্য ১২টি এমন সব ভবনে রয়েছে যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছুতে পারছেন না।"
তিনি বলেন, "ঘটনাস্থল পরীক্ষা করে দেখা গেছে, সেখানে দুর্ঘটনাক্রমে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশংকা এখনও আছে।"
জাতিসংঘ জানিয়েছে, মহাসচিব বান কি মুন শনিবার চীন সফর করছেন।
বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২১ ঘ.
bdnews24