বেইজিং, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভূমিকম্প হওয়া সত্ত্বেও চীনের রাজধানী বেইজিংয়ে আগষ্টে অলিম্পিক গেমস আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মঙ্গলবার জানিয়েছে দেশটি। সম্ভাব্য বিদেশি অলিম্পিক পর্যটকদের জন্য চীন সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চয়তা প্রদান করেছেন অলিম্পিক কর্মকর্তারা।
সিচুয়ান প্রদেশের ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা কমপক্ষে ১০ হাজার। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
'বেইজিং অর্গানাইজিং কমিটি ফর দ্যা অলিম্পিক গেমস' (বিওসিওজি) এর প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ঝাং জিয়ান বলেন, আগষ্ট অলিম্পিকে চীন ৫ লাখ বিদেশি পর্যটককে স্বাগত জানানোর প্রত্যাশা করছে। সেইসঙ্গে তিনি বলেন এই প্রাকৃতিক দূর্যোগ নিয়ে পর্যটকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ঝাং মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমি বিদেশি অতিথিদের এটা বলতে চাই যে অলিম্পিক গেমস নিরাপদ, বেইজিং নিরাপদ, চীন নিরাপদ।"
বিওসিওজি'র মিডিয়া সেন্টারের পরিচালক লি ঝানজুন বলেন, সিচুয়ান প্রদেশের ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলতে থাকলেও বেইজিংয়ে অলিম্পিকের ৩১ টি ভেন্যুর নিরাপত্তার ওপর তার কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, "অলিম্পিক ভেন্যুর কোনো ভবন ভূমিকম্প সময়ে বিপদজনক হবে না, কেননা বেইজিংয়ে যখন কোনো ভবন তৈরী করা হয় তখন নিশ্চিত করা হয় যে ওই ভবনের ৮ মাত্রার ভূমিকম্পের প্রতিরোধ ক্ষমতা রয়েছে।"
তিনি আরও বলেন, "ভূমিকম্পের কেন্দ্র ছিল চেংডু'র কাছে।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "বেইজিং থেকে কোনো পুলিশ এবং সেনা সিচুয়ানে পাঠানো হয়নি, সুতরাং এটা অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থায় একদম প্রভাব ফেলবে না।"
বিশ্বজুড়ে অলিম্পিক মশাল যাত্রায় তিব্বত সমর্থকদের চীন বিরোধী বিক্ষোভের কারণে চীনের ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন হয়েছে। বিশ্ব ভ্রমণ শেষে অলিম্পিক মশাল এখন চীনে। জুনের ১৫ থেকে ১৮ তারিখে ওই মশাল সিচুয়ানে যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬২৫ ঘ.
bdnews24