বেইজিং, চীন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানইয়াং শহরেই মাটির নিচে চাপা পড়েছে ১৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে সেখানে ৩,৬২৯ জনের মৃত্যর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে এক শীর্ষ কর্মকর্তারা ভূমিকম্পে ১১ হাজার ৯২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধারকাজ চলছে। তবে ঝড়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
গত সোমবার বিকালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা চীন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল। কম্পন অনুভূত হয় সুদূর থাইল্যান্ডেও।
বেসামরিক প্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়াং ঝেনাইয়ো সাংবাদিকদের জানিয়েছেন, "ভূমিকম্পে এখনো পর্যন্ত ১১ হাজার ৯২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রথম দায়িত্ব্ হচ্ছে মানুষের জীবন বাঁচানো। যতক্ষণ সামান্য আশা আছে, তাদের রক্ষা করতে আমরা চেষ্টা করে যাব।" এই মুহূর্তে দুর্গত এলাকায় ভূমি-ধ্বসের আশঙ্কাই জীবিত মানুষের এবং উদ্ধার তৎপরতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে তিনি জানান।
তিন দশকের মধ্যে চীনে ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের জনবসতিপূর্ণ ওয়েনচুয়ান কাউন্টিতে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা সোমবার রাতভর অভিযান চালিয়ে ধ্বসে পড়া বাড়িঘর, স্কুল, কারখানা এবং হাসপাতাল থেকে মৃতদেহ টেনে বের করেছে।
সিচুয়ানের দুজাইয়াঙ্গিয়ান নগরীতে তিনতলা একটি স্কুল বিল্ডিংয়ের নীচে চাপা পড়ে নিহত হয়েছে প্রায় ৯০০ কিশোর-কিশোরী। প্রাথমিকভাবে ৫০ টি মৃতদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ঘটনাস্থলে পৌঁছে এ দৃশ্য দেখে শোকে মুহ্যমান হয়ে পড়েন।
বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দুজাইয়াঙ্গিয়ানের আরেকটি স্কুলে ৪২০ জন শিক্ষার্থীর মধ্যে প্রাণে বেঁচেছে মাত্র ১শ' জন। প্রধানমন্ত্রী জিয়াবাও উদ্ধারকাজে এক মুহূর্তও সময় নষ্ট না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এক মিনিট, এক সেকেন্ডেও একটি শিশুর জীবন বাঁচতে পারে।
চীনের কমিউনিস্ট পার্টির নেতারা জানিয়েছেন, উদ্ধারকাজকেই এ মুহূর্তে সরকার সবচে অগ্রাধিকার দিচ্ছে। ভূমিকম্প দূর্গতদের জন্য নেতারা অবিলম্বে মানবিক ত্রাণ সাহায্য সরবরাহের নির্দেশ দিয়েছেন।
১৯৭৬ সালের পর চীনে এটিই সবচে বড় ধরনের ভূমিকম্প। ওই বছর চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছিল ৩,০০,০০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/২০০৫ ঘ.
bdnews24