জাতিসংঘ, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--জিম্বাবুয়ের ২য় দফা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা করার বিষয়টি নিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মহাসচিব বান কি মুন। তিনি জিম্বাবুয়েতে ক্রমবর্ধমান সহিংসতার ঘটনাও উদ্বেগ প্রকাশ করেন।
জিম্বাবুয়ের বিরোধীদল ডিএমসি নেতা মরগান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট মুগাবের বিরুদ্ধে ২য় দফা ভোটে লড়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। তবে জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের আওতায় ২য় দফা নির্বাচন হলে তিনি তা লড়তে পারেন বলে শর্ত দিয়েছেন।
মরগান সাভাঙ্গিরাই ২৯ মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব করে সহিংসতা উস্কে দেওয়ার জন্য মুগাবে ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কিন্তু সাভাঙ্গিরাই এখন ২য় দফা ভোট থেকে পিছু হটলে তা প্রকারান্তরে মুগাবের অনুকূলেই যাবে।
জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিব বান কি মুন সাংবাদিকদের বলেছেন, তিনি জিম্বাবুয়ের নির্বাচনে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকার বিষয়টি নিয়ে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান জাকায়া কিকওয়েতে এবং জাম্বিয়ার প্রেসিডেন্ট লিভি মাওয়ানাওয়াসার সঙ্গে কথা বলবেন।
নিউ ইয়র্কে বান বলেন, "আমি অবিরাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন একযোগে কিভাবে জিম্বাবুয়ের পরিস্থিতি সুষ্ঠুভাবে সামাল দিতে পারে তা নিয়ে আলোচনা করছি।"
এক্ষেত্রে জিম্বাবুয়েতে জাতিসংঘ পর্যবেক্ষক কিংবা দূত পাঠানোটাকে দুটো বিকল্প পথ হিসাবে উল্লেখ করেন বান। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এ মুহূর্তে এটিই জিম্বাবুয়ে সঙ্কট সামাল দেওয়ার সম্ভাবনাময় এবং বাস্তবসম্মত পথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৫ঘ.
bdnews24