সানন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম তীরে ইসরায়েল ব্যারিকেড তুলে নেওয়ার পর সেখানে ফিলিস্তিনিদের জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে কিনা তা যাচাই করতে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র।
ইসরায়েল ও ফিলিস্তিন এলাকায় দু'দিনের সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস জানিয়েছেন, তিনি নিশ্চিত ইসরায়েল-ফিলিস্তিন দু'পক্ষই দীর্ঘ ছয় দশকের সংঘাত অবসানের চেষ্টা করছে।
রাইসের এই সফরের পর শান্তি প্রচেষ্টা জোরদার করতে সোমবার বৈঠক করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওলমার্টের কার্যালয় জানিয়েছে, চলতি বছরের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছানোর এ এক ভাল সুযোগ।
ফিলিস্তিন পক্ষের আলোচক সায়েব এরাকাত দুই নেতার এই বৈঠককে 'খুবই গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, ওলমার্টের মুখপাত্র মার্ক রেজেভ এই আলোচনাকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের মধ্যে এ যাবৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বলে জানিয়েছেন।
যদিও ওলমার্ট সম্পর্কে দুর্নীতির অভিযান শুরু হওয়ায় এই আলোচনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং অনেকেই ওলমার্টের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন।
বুশ প্রশাসন চলতি বছরের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি আশা করলেও আলোচনায় তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না।
চলতি বছরে চতুর্থ বারের মতো মধ্যপ্রাচ্য সফরে রাইস এবার পশ্চিম তীরে ইসরায়েলি বিভিন্ন সড়ক অবরোধ ও তল্লাশি ফাঁড়ি তুলে নেওয়ার বিষয়টিকে জোর দিয়ে আলোচনা করছেন। ইসরায়েল দাবি করে আত্মঘাতী বোমা হামলা প্রতিরোধ করতে এ সমস্ত ব্যারিকেড ও তল্লাশি ফাঁড়ির প্রয়োজন আছে।
তবে এ সমস্ত ব্যারিকেডকে ফিলিস্তিনিরা তাদের ওপর অত্যাচার বলে মনে করে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, এর ফলে পশ্চিম তীরের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৫৫ ঘ.
bdnews24