জাতিসংঘ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচনী অচলাবস্থা থেকে সৃষ্ট জিম্বাবুয়ে সংকট নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো আলোচনা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ওই আলোচনায় পশ্চিমা বিশ্বশক্তিগুলো আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশটিতে একজন বিশেষ দূত কিংবা একটি তদন্ত মিশন পাঠানোর বিষয়ে মত দিয়েছে।
ওদিকে, ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ মঙ্গলবার আবারও পিছিয়ে দিয়েছে দেশটি। ফলে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতায় থাকছেন না কি বিরোধী নেতা মরগান সাভাঙ্গিরাই দেশটির নেতৃত্বে আসছেন তা জানতে জিম্বাবুয়ের জনগণ ও বিশ্ববাসীকে আবারও অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
জতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মরি রিপের্ত ওই বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা পরিষদে জিম্বাবুয়ে সংকট নিয়ে আলোচনা দেশটির সরকারের জন্য একটি সতর্ক সংকেত যে, "আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যে তারা কি করছে"।
ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, রাজনৈতিক বিষয়াবলীর জন্য জাতিসংঘের সহকারি মহাসচিব লিন পাসকো ওই রুদ্ধদ্বার বৈঠকে বলেছেন যে, ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে জিম্বাবুয়ে।
ব্রিটেনের উপ-রাষ্ট্রদূত কারেন পিয়েরে বলেছেন, জিম্বাবুয়েতে জাতিসংঘের একজন বিশেষ দূত কিংবা একটি তদন্ত মিশন পাঠানোর বিষয়টি সমর্থন করেছে তার দেশ।
নিরাপত্তা পরিষদ সদস্য অন্যান্য ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রসহ ল্যাতিন আমেরিকার সদস্য দেশগুলোও একজন দূত পাঠানোর বিষয়টি সমর্থন করেছেন। কিন্তু নিরপত্তা পরিষদের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকা বলেছে, জিম্বাবুয়েতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিরাপত্তা পরিষদের মাথাব্যাথা নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৪ ঘ.
bdnews24