২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক আজিজকে আদালতে হাজির করছে ইরাক

বাগদাদে ১৯৯২ সালে একদল ব্যবসায়ী হত্যাকাণ্ড মামলায় মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে ইরাকের সাবেক উপপ্রধানমন্ত্রী তারেক আজিজকে। তখন ইরাকের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার সময়ে ওই চক্রটি অনৈতিকভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ এনে প্রায় ৪০ জন ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেয় ইরাক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

বাগদাদ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - বাগদাদে ১৯৯২ সালে একদল ব্যবসায়ী হত্যাকাণ্ড মামলায় মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে ইরাকের সাবেক উপপ্রধানমন্ত্রী তারেক আজিজকে। তখন ইরাকের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার সময়ে ওই চক্রটি অনৈতিকভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ এনে প্রায় ৪০ জন ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেয় ইরাক সরকার। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ এবং সাদ্দাম প্রশাসনের আরও ৭ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করা হয়। ৭২ বছর বয়সী তারেক আজিজ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অন্যতম ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি একসময় ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাদ্দাম প্রশাসনের শীর্ষ পদে থাকা একমাত্র খ্রিষ্টান ধর্মবলম্বী তারেক আজিজ প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় তার বাকপটুতা ও বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে সবার নজর কাড়েন। ১৯৯২ সালে ব্যবসায়ী দলটিকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের পর্যাপ্ত আইনি সুযোগ না দেওয়া এবং তড়িঘড়ি করে একটি নামমাত্র বিচারের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে তারেক আজিজের বিরুদ্ধে। তার আইনজীবী বাদিয়া আরিফ রয়টার্সকে জানান, "আজিজের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ নেই।" তার আইনজীবী আরও বলেন, "এ বিচারে ধরে নেওয়া হচ্ছে যে, যেহেতু আজিজ সাদ্দাম হোসেনের সুপ্রিম কমান্ড কাউন্সিলের সদস্য ছিলেন এবং ওই কাউন্সিলই মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছিল তাই তিনি অপরাধী।" ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন শুরুর পর এপ্রিল মাসে দখলদার মার্কিন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারেক আজিজ। এ মামলার অন্য আসামীদের একজন হলেন সাদ্দামের চাচাতো ভাই আলি হোসাইন আল-মাজিদ ওরফে 'কেমিক্যাল আলি'। এছাড়া আরেক আসামী হলেন সাদ্দামের সৎভাই ওয়াতবান ইব্রাহিম আল-হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০২ ঘ.