২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপর্যয়কর ইরাক পরিস্থিতিতে ইরানে মার্কিন হামলা অসম্ভব: তেহরান

যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি ইরাক এবং আফগানিস্তানে যে "বিপর্যয়কর পরিস্থিতির" মুখে পড়েছে তাতে ইরানে হামলা চালানো তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

তেহরান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি ইরাক এবং আফগানিস্তানে যে "বিপর্যয়কর পরিস্থিতির" মুখে পড়েছে তাতে ইরানে হামলা চালানো তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছে। বৃহস্পতিবার পারস্য উপসাগরে মার্কিন সেনাবাহিনীর ভাড়া করা মালবাহী জাহাজ অভিমুখে এগিয়ে আসতে থাকা দুটি নৌযান লক্ষ্য করে নিরাপত্তারক্ষীরা বেশ কয়েকটি সতর্কতামূলক গুলি ছোঁড়ার দুই দিন পর এ মন্তব্য করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, পেন্টাগন ইরানের বিরুদ্ধে হুমকি জোরদার করার ফলে মধ্যপ্রাচ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা আমলে না নিয়েই বৃহস্পতিবার এ ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের এ ঘটনার প্রভাব পরের দিন শুক্রবারই আন্তর্জাতিক তেল বাজারে দেখা দেয়। সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে এমন আশংকায় অশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি তিল ডলারের বেশি বেড়ে ১১৯ দশমিক ৫০ ডলারে উন্নীত হয়। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলী হোসেইনি বলেন, "আমরা মনে করি আমেরিকানদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া অসম্ভব যা তাদেরকে নতুন আরেকটি কলঙ্কজনক পরিণতির মধ্যে ঠেলে দেবে। আর যার পরিণতি অঞ্চলটি ও বিশ্বর জন্য বেদনাদায়ক হবে বলেও তারা নিজেরাই স্বীকার করেছেন।" তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা আশা করছি, আমেরিকার শুভাকাঙ্খীরা বাস্তবতাকে আরও ভালভাবে অনুধাবন করে ওই ধরনের দৃষ্টিভঙ্গি পাল্টানোর ব্যবস্থা করবেন।" প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত প্রায় তিন দশক ধরে কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক নেই। এছাড়া, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অন্যদিকে, এ অভিযোগ নাকচ করে ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২১ ঘ.