২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট পুনর্গণনাতেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি মুগাবের দল

আংশিক ভোট পুনর্গণনায়ও জিম্বাবুয়ের পার্লামেন্টের নিয়ন্ত্রণ অর্জনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতাসীন দল জানু-পিএফ। শনিবার প্রকাশিত ফলাফলে এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

হারারে, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আংশিক ভোট পুনর্গণনায়ও জিম্বাবুয়ের পার্লামেন্টের নিয়ন্ত্রণ অর্জনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতাসীন দল জানু-পিএফ। শনিবার প্রকাশিত ফলাফলে এ খবর জানা গেছে। এর ফলে জিম্বাবুয়েতে গত ২৮ বছরের মধ্যে প্রথম বারের মতো মুগাবের দল জানু-পিএফ এর কাছ থেকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে নিতে যাচ্ছে দেশটির প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। জিম্বাবুয়েতে গত ২৯ মার্চ একইসঙ্গে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১০ আসন বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিক ফলাফলে বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাইয়ের দল এমডিসি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে ২৩টি আসনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ২৩টি আসনের ১৪টির পুনর্গণনা সম্পন্ন হয়েছে এবং এতে আগের সব ফলাফল বহাল আছে। পুনর্গণনা সম্পন্ন না হওয়া বাকি আসনগুলোর সবগুলোতে জানু-পিএফ জয়ী হলেও আগামী পার্লামেন্টে তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হবে না। ২৯ মার্চ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। অবশ্য, বিরোধীদলীয় নেতা সাভাঙ্গিরাই দাবি জানিয়ে আসছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭২৬ ঘ.