রিও ডি জেনেরিও, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রাজিলের রিও ডি জেনেরিও'র 'সিডাডে ডি ডিউস' বা 'ঈশ্বরের শহর' নামে পরিচিত কুখ্যাত বস্তি এলাকায় শুক্রবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে হত্যা করেছে পুলিশ।
আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জনই সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। অন্যজন ওই বস্তির পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা এক নারী।
এছাড়াও সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের সময় আরও দুই নারী আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি স্বয়ংক্রিয় রাইফেল এবং পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে। অভিযানের পর মাদকচক্রের সদস্যদের পাল্টা হামলার আশঙ্কা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আরও পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪১৯ ঘ.
bdnews24