২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরোধীদলীয় সদরদপ্তরে পুলিশের তল্লাশি, ব্যাপক ধরপাকড়

জিম্বাবুয়ের বিরোধীদল 'দ্য মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি)'র সদরসপ্তরে শুক্রবার ব্যাপক তল্লাশি ও ধরপাকড় চালিয়েছে সশস্ত্র পুলিশ। গত মাসের বিতর্কিত নির্বাচনের পর জিম্বাবুয়েতে এমডিসি'র ওপর এটিই সরকারের সবচে বড় দমনাভিযান। কর্মকর্তারা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

হারারে , এপ্রিল, ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- জিম্বাবুয়ের বিরোধীদল 'দ্য মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি)'র সদরসপ্তরে শুক্রবার ব্যাপক তল্লাশি ও ধরপাকড় চালিয়েছে সশস্ত্র পুলিশ। গত মাসের বিতর্কিত নির্বাচনের পর জিম্বাবুয়েতে এমডিসি'র ওপর এটিই সরকারের সবচে বড় দমনাভিযান। কর্মকর্তারা একথা বলেছেন। এমডিসি নেতা মরগান সাভাঙ্গিরাই ২৯ মার্চের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করেছেন। প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পরাজিত করার দাবি করেছেন সাভাঙ্গিরাই। নির্বাচনের প্রাথমিক ফলেও পার্লামেন্টে মুগাবের ২৮ বছরের নিয়ন্ত্রণ হারাতে দেখা গেছে। নির্বাচনের ফল প্রকাশে দেরী করে মুগাবে ভোট কারচুপির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সাভাঙ্গিরাই। অন্যদিকে, মুগাবে বলছেন, বিরোধীদল পশ্চিমা সমালোচকদের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। উল্লেখ্য, পার্লামেন্ট নির্বাচনের কিছু ভোট গণনা এখনও বাকী। আর প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও প্রকাশ না হওয়ায় মুগাবের ওপর অবিলম্বে ফল প্রকাশের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। সেইসঙ্গে রক্তক্ষয়ী সহিংসতা শুরুরও আশঙ্কা দেখা দিচ্ছে ধ্বসে পড়া অর্থনীতির এই দেশটিতে। বিরোধীদলের ওপর শুক্রবারের দমনাভিযানে এ আশঙ্কা আরও বাড়ল। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন কয়েক ডজন দাঙ্গা পুলিশ এমডিসির প্রায় ১শ জন সমর্থককে বাসে করে ধরে নিয়ে গেছে। এমডিসি'র বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশি চালিয়েছে প্রায় ২শ থেকে আড়াইশ' পুলিশ। তারা নির্বাচনী কমান্ড সেন্টারের কম্পিউটারও নিয়ে যায়। আটক করে শ'শ' জনকে। পুলিশ তাদের বর্বর কর্মকাণ্ডের প্রমাণও নষ্ট করার চেষ্টায় আছে বলেও জানিয়েছেন বিরোধীদলের মুখপাত্র নেলসন খামিসা। ওদিকে, পুলিশ বলছে, হারারের বাইরে অপরাধে লিপ্ত থাকার পর যারা বিরোধীদলের আশ্রয় খোঁজার চেষ্টায় ছিল তাদেরকে পাকড়াও করতেই এই তল্লাশি চালানো হয়েছে। পুলিশের মুখপাত্র ওয়াইনে বুজিয়েনা বলেন, "ওইসব লোকদের কেউ কেউ আদৌ অফিস কর্মী নয়। আমরা তাদেরকে বেছে বের করতে ব্যস্ত। আমরা কিছু কিছু বিষয় তদন্ত করে দেখছি। যারা অপরাধ করেনি তাদেরকে আমরা ছেড়ে দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ঘ.