কুয়েত, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের সঙ্গে সম্পর্ক জোরদার, ইরাকের ঋণ মওকুফ এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার জন্য মঙ্গলবার প্রতিবেশী দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি।
কুয়েতে ইরাকের প্রতিবেশী এবং পশ্চিমের শক্তিশালী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে দেওয়া ভাষণে মালিকি তার সরকারের ক্ষোভের তালিকা পড়ে শোনান।
মালিকি তার এ ভাষণে সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে তিনি তার অভিযোগ ওইসব প্রতিবেশী সুন্নি মুসলিম দেশগুলোর বিরুদ্ধে উত্থাপন করেন যেসব দেশের সঙ্গে তার শিয়া নেতৃত্বাধীন সরকারের অপেক্ষাকৃত কম কূটনৈতিক সম্পর্ক আছে।
এক দিনের ওই সম্মেলনের শুরুতে মালিকি বলেন, "একনায়কত্বের কবল থেকে মুক্ত হওয়া ইরাকের সঙ্গে পুনরায় কেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে না তার ব্যাখ্যা দেওয়া আমাদের জন্য খুবই জটিল।"
তিনি বলেন, "অথচ নিরাপত্তা পরিস্থিতির বাছ-বিচার ছাড়া আরও অনেক দেশই বাগদাদে কূটনৈতিক মিশন রেখেছে।"
প্রসঙ্গত, কোনো সুন্নি মুসলিম দেশেরই বাগদাদে স্থায়ী দূতাবাস নেই। এছাড়া, আরব দেশগুলোর বাগদাদ সফরের ঘটনা বিরল। অন্যদিকে, প্রতিবেশী শিয়া মুসলিম দেশ ইরানের সঙ্গে ইরাকের সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24