২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটে অচল পশ্চিমবঙ্গ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রধান বিরোধীদল তৃণমূল কংগ্রেস এ ধর্মঘট ডেকেছে। পুলিশ জানিয়েছে, ধর্মঘটের কারণে রাজ্যের স্কুল, অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 10:37 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

কলকাতা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রধান বিরোধীদল তৃণমূল কংগ্রেস এ ধর্মঘট ডেকেছে। পুলিশ জানিয়েছে, ধর্মঘটের কারণে রাজ্যের স্কুল, অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা রাজ্যের রাজধানী কলকাতায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি রাস্তা-ঘাটও অবরোধ করে রেখেছে। মুদ্রাস্ফীতির প্রতিবাদে ভারতজুড়ে চলমান প্রতিবাদের মধ্যে পশ্চিমবঙ্গে সোমবার সকাল-সন্ধ্যা এই ধর্মঘট ডাকে তৃণমূল কংগ্রেস। কলকাতায় বিক্ষোভকারীরা সরকারি একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করাসহ বাসটির সামনের কাঁচ ভেঙে চুরমার করেছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাজ কানোজিয়া জানিয়েছেন, এদিন পশ্চিমবঙ্গে সহিংস কর্মকাণ্ডের জন্য কমপক্ষে ৩০০ জনকে আটক করা হয়েছে। রাজ্যের অনেক স্থানেই বিক্ষোভকারীদের আলু ও পেঁয়াজের মালা পরে "আমরা এখনই জাবাব চাই" বলে শ্লোগান দিতে দেখা যায়। ধর্মঘটের ফলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ট্রেনের যাত্রা বাতিল বা বেশ কয়েক ঘণ্টা করে দেরী করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কলকাতায় ধর্মঘটের সমর্থকরা সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ করার পাশাপাশি লোকজনকে কাজে যেতেও বাধা দেয়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেন, "পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হয়েছে।" সাংবাদিকদের তিনি বলেন, "সাধারণ মানুষ যেখানে মুদ্রাস্ফীতির যন্ত্রণায় ভুগছে সেখানে মনে হচ্ছে, তারা বিষয়টিকে আমলে না নিয়ে ঘুমিয়ে আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২০ ঘ.