২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরবদের উচিৎ ইরানের প্রভাব থেকে ইরাককে বাঁচানো: রাইস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডেলিৎসা রাইস বলেছেন, ইরানের 'অনিষ্টকর প্রভাব' থেকে ইরাককে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখার জন্য আরবদের প্রতি আহ্বান জানাবেন তিনি। কুয়েতে আগামী মঙ্গলবার ইরাকের প্রতিবেশী আরব দেশগুলোর এক সম্মেলনের আগে বৃহস্পতিবার তিনি একথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডেলিৎসা রাইস বলেছেন, ইরানের 'অনিষ্টকর প্রভাব' থেকে ইরাককে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখার জন্য আরবদের প্রতি আহ্বান জানাবেন তিনি। কুয়েতে আগামী মঙ্গলবার ইরাকের প্রতিবেশী আরব দেশগুলোর এক সম্মেলনের আগে বৃহস্পতিবার তিনি একথা বললেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাগদাদ সরকারের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্র"তি পূরণের জন্য ওই সম্মেলনে দেশগুলোকে আহ্বান জানাবেন তিনি। রাইস বলেন, " ইরাকের এখন সবচেয়ে বেশি যা প্রয়োজন এবং যার জন্য আমি কুয়েত সম্মেলনে তাগিদ দেব তা হল প্রতিবেশীদের সমর্থন।" তিনি বলেন, এ সমর্থনের মধ্যে রয়েছে "বাগদাদে দূতাবাস খোলা এবং রাষ্ট্রদূত বিনিময় করা।" যুক্তরাষ্ট্রের কাছ থেকে অব্যাহত চাপ থাকা সত্ত্বেও ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী সৌদি আরব এখনও বাগদাদে নতুন করে দূতাবাস খোলেনি। রাইস বলেন, "তাদের যা করা উচিৎ তা হল ইরাকের আরব পরিচয়কে সমুন্নত রাখতে কাজ করা।" তিনি বলেন, "কেননা (ইরাকের আরব পরিচয়ই) শেষপর্যন্ত ইরাককে ইরানের অনিষ্টকর প্রভাব থেকে রক্ষায় বর্ম হিসেবে কাজ করবে।" ইরাকি জনগোষ্ঠী জাতিগত আরব হলেও ইরানের জাতীয়তা পারস্যীয়। তবে উভয় দেশেরই সংখ্যাগরিষ্ঠ মানুষ শিয়া মতাবলম্বী মুসলিম। সাদ্দাম হোসেনের সময় ইরাকে সংখ্যালঘু সুন্নিদের শাসন থাকলেও এখন সেখানে মার্কিন সমর্থিত শিয়া নেতৃত্বাধীন সরকার রয়েছে। অন্যদিকে, প্রতিবেশী প্রায় সব আরব দেশগুলোতেই ক্ষমতায় রয়েছে সুন্নি মতাবলম্বী সরকার। ইরানের অ-আরব জাতীয়তা এবং শিয়া ধর্মমতের সংখ্যাগরিষ্ঠতার কারণে দেশটির সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মতাবলম্বী আরব দেশগুলোর ঐতিহাসিক বিরোধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫০ ঘ.