ইসলামাবাদ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুধবার সকালে পাকিস্তান পৌঁছানোর মধ্য দিয়ে অলিম্পিক মশালের এশিয়া যাত্রা শুরু হল। আগস্টে অনুষ্ঠেয় বেইজিং অলিম্পিককে সামনে রেখে অলিম্পিক মশালের বিশ্ব পরিক্রমার অংশ হিসেবে একটি বিশেষ বিমানে করে ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাওয়ালাপিণ্ডির বিমানঘাঁটিতে আনা হয় মশালটি।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা জনিত কারণে মশালের যাত্রাপথ পার্লামেন্ট হাউসের সামনের প্রধান সড়ক থেকে পরিবর্তন করে ইসলামাবাদ স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে।
বিশ্বের বহু জায়গাতেই তিব্বতপন্থী বিক্ষোভকারীদের দ্বারা অলিম্পিক মশালের শোভাযাত্রা বাধাগ্রস্থ হলেও পাকিস্তানের কর্মকর্তারা ধারণা করছেন এখানে এ ধরণের ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট আরিফ হাসান বলেন, " এটা আমাদের জন্য সম্মানের এবং আমরা এর জন্য গর্বিত।"
অলিম্পিক মশাল যাত্রা উপলক্ষে ইসলামাবাদ স্টেডিয়াম এবং মশালের যাত্রা পথে পার্লামেন্টারি সেনা এবং পুলিশ মোতায়ন করা হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিকেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। পাকিস্তান থেকে অলিম্পিক মশাল ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বৃহস্পতিবার সেখানে মশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩৮ ঘ.
bdnews24